ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী ২০ দিনের মধ্যে তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গত বছরের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার তান্ডবে খুলনা ও সাতক্ষীরা জেলার চারটি উপজেলা বিধ্বস্ত হয়ে যায়। বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় অনেক এলাকা।
আইলায় ক্ষতিগ্রস্ত ১৭ শ ৪২ কিলোমিটার বাঁধ পুনরায় নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের জন্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না-আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করেছে আদালত।
রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
এ ছাড়া সরকারের মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, অর্থ সচিব, পরিকল্পনা সচিব, পানিসম্পদ সচিব, আইন সচিব ও সংসদ সচিবালয়ের সচিবসহ ১৩ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শহীদুল ইসলাম জনস্বার্থে রিটটি দায়ের করেন।
রিট আবেদনটি পরিচালনা করেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এসএএ/২০৫৯ঘ.
bdnews24