বাগেরহাট, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট সদর উপজেলার ভূটিয়ামারী বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে।
রোববার দুপুরে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দমকল কর্মকর্তারা ধারণা করছেন।
বাগেরহাট দমকল ও বেসামরিক প্রতিরক্ষা স্টেশনের কর্মকর্তা জাহিদুর রহমান সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার সময় বাজারের অধিকাংশ দোকান বন্ধ ছিলো।
ক্ষতিগ্রস্ত সাতটি দোকান হলো- ইমরান শেখের জুতার দোকান, রসুল শেখের পোশাকের দোকান, রবিউল শেখের মুদি, লিটু শেখের চাল ও ভোজ্য তেল, রবিউল ইসলামের বৈদ্যুতিক সরঞ্জাম, বিপ্লব পালের ভোজ্য তেল ও হেমায়েত শেখের ভিসিডির দোকান।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে রসুল শেখের পোশাকের দোকানে আগুন লাগে।
অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.
bdnews24