ফেনী, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রেলপথে ফেনীর ফাজিলপুরে শনিবার রাতে বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এতে ফেনীসহ বিভিন্ন স্টেশনে উর্মি গোধুলী, মেঘনা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস ও কয়েকটি লোকলসহ অন্তত ১০টি ট্রেন আটকা পড়েছে।
ফেনী স্টেশনের ঊর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. মতিউর রহমান রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রম ও সিলেট-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক খলিলুর রহমান ও আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে একটি দল উদ্ধার কাজ তদারক করছে।
উদ্ধার কাজ শেষ হতে ৫/৬ ঘণ্টা লেগে যেতে পারে বলে মতিউর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24