২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রাপাচার রোধে নতুন আইন হচ্ছে

পাচার করা টাকা আদায়ে আগামী সংসদে মুদ্রা পাচার আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 11:55 AM

Updated : 25 Aug 2022, 05:16 PM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাচার করা টাকা আদায়ে আগামী সংসদে মুদ্রা পাচার আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে কাস্টমস, ভ্যাট ও কর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, "দেশের বিদ্যমান আইনে বিদেশে পাচার করা টাকা ফেরত আনা কষ্টকর। এজন্য পাচার করা টাকা আদায়ে আগামী সংসদে মানি লন্ডারিং আইন সংস্কার করা হবে।" বর্তমানে বিদেশে মুদ্রা পাচার নিয়ে মাত্র একটি মামলা রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "এ সংক্রান্ত আরও কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাচার করা টাকা আদায়ে যথেষ্ট প্রমাণ দরকার। এজন্য মানি লন্ডারিং আইন সংশোধন করা দরকার।" সন্ত্রাস দমন আইনও একইসঙ্গে সংস্কার করা হবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, বর্তমান সরকার গরীব ও গ্রামবান্ধব। নিজেদের স্বার্থে আমরা গরীবের উন্নয়ন চাই। এজন্য সরকার ৩ কোটি মানুষের বাজারকে ৭ কোটি মানুষের বাজারে পরিণত করার চেষ্টা করছে। ৩০ সেপ্টেম্বর আয়কর প্রদানের শেষ তারিখ জানিয়ে মন্ত্রী বলেন, এরপর আর কোনো সময় বাড়ানো হবে না। গত অর্থবছরে রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের র্(এনবিআর) উদ্যোগের প্রশংসা করে মুহিত আরো বলেন, এ ধারা অব্যাহত থাকলে এবারও লক্ষ্যমাত্রার চাইতে অনেক বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে। গত অর্থবছরে ৭৯৪৮৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়। ওই বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৭৯৪৬১ কোটি টাকা। শুল্ক ও কর কর্মকর্তাদের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, মানসিকতার পরিবর্তন ঘটানো গেলে মানুষ কর দিতে বেশি উৎসাহিত হবে। বৈঠকে কাস্টমস ও কর বিভাগের কর্মকর্তারা জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অর্থমন্ত্রী তাদের সমস্যা শুনে তা পূরণের আশ্বাস দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম কাস্টমস কমিশনার (আমদানি) সৈয়দ গোলাম কিবরিয়া, কমিশনার (রপ্তানি) জামাল হোসেন, অতিরিক্ত বন্ড কমিশনার মতিউর রহমান, চট্টগ্রাম অঞ্চলের কর কমিশনার-১ রমেন্দ্র চন্দ্র বসাক বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭৫৩ ঘ.