২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

সাভারের আশুলিয়ায় পুলিশের ব্যাপক তৎপরতার মুখে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সরে গেছে। শনিবার দুপুর সোয়া ২টার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 08:52 AM

Updated : 25 Aug 2022, 05:17 PM

সাভার, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় পুলিশের ব্যাপক তৎপরতার মুখে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সরে গেছে। শনিবার দুপুর সোয়া ২টার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে। পুলিশ জানায়, শ্রমিকরা রাস্তা ছেড়ে মহাসড়কের আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে। ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে শনিবার শ্রমিকদের বিক্ষোভের এক পর্যায়ে আশুলিয়ার জামগড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিজিএমইএ সভাপতি সালাম মুশের্দীর মালিকানাধীন এনভয় গ্র"পের একটি কারখানায় ঢুকে ব্যাপক ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ-শ্রমিক সংঘর্ষে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার ও আশুলিয়া থানার ওসিসহ দেড় শতাধিক লোক আহত হয়। গ্রেপ্তার করা হয় কমপক্ষে ১২ শ্রমিককে। ঘটনার এক পর্যায়ে দুপুর ২টার দিকে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, পলাশবাড়ি, বেরন ও নরসিংহপুর এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বেলা ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় কয়েক হাজার শ্রমিক। এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জামগড়া বাসস্ট্যান্ড ও নরসিংহপুরের বিভিন্ন শপিংমল, ব্যাংক এবং কারখানায় বাইরে থেকে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় মহাসড়কের পাশে জামগড়া ও নরসিংহপুর এলাকার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। একই দাবিতে শুক্রবার ঢাকার মহাখালী, বনানী ও গুলশান এলাকায় এবং নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া বাসস্ট্যান্ডের কাছে ফ্যান্টাসি কিংডমের সামনে ইটের স্তুপ করে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ এবং র‌্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। শ্রমিকরা পাল্টা ইট নিক্ষেপ করে। পুলিশ জানিয়েছে, প্রায় অর্ধশত গাড়ি ভেঙেছে বিক্ষোভকারীরা। এর মধ্যে ১০-১২টা পুলিশের গাড়ি রয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা জেলার পুলিশ সুপার ইকবাল বাহার, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেন, আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম এবং তিনি নিজেসহ পুলিশের কমপক্ষে ২০ জন সদস্য আহত হয়েছেন। কমপক্ষে ১২ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। দুপুর ১২টার পর শ্রমিকরা বিজিএমইএ সভাপতি সালাম মুশের্দীর মালিকানাধীন এনভয় গ্র"পের একটি কারখানার সামনের সড়কে টায়ার ও কাঠের টুকরোয় আগুন জ্বালিয়ে দেয়। এরপর পৌনে ১টার দিকে কারখানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় শ্রমিকরা কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে পুলিশি তৎপরতায় শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসে। কারখানার সহকারী জেনারেল ম্যানেজার মির্জা হাসান বলেন, বহিরাগতরা মূল ফটক ভেঙে কারখানায় ঢুকে ভাঙচুর করেছে। এক পর্যায়ে কোরোসিন ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়লে করলে শ্রমিকরা চলে যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ দুপুর ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পর্যন্ত শতাধিক রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে গত সোমবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করে নিুতম মজুরি বোর্ড। এরপর বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা। মজুরি কাঠামো ঘোষণা করে শ্রমমন্ত্রী জানান, আইনি প্রক্রিয়া শেষে আগামী ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ সভাপতিরা উপস্থিত ছিলেন। তারা ১ নভেম্বর থেকে নতুন এ মজুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্র"তি দেন। শ্রমিক প্রতিনিধিরাও ঘোষিত এ মজুরি কাঠামো মেনে নেওয়ার ঘোষণা দেন। তবে ঘোষণার পর নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে কয়েকটি শ্রমিক সংগঠন এই কাঠামো পুনর্বিবেচনার দাবি জানায়। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার পর যে কোনো বিশৃঙ্খলা এড়াতে নতুন কাঠামো ঘোষণার আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাংসদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/কেএমএস/১৫৪৯ ঘ.