রাঙামাটি, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভূমি বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ার দরকার- এই মন্তব্য করে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, জরিপের জন্য কমিশন বসে থাকতে পারে না।
তিনি বলেন, "দ্রুত বিরোধ নিস্পত্তির জন্য পাহাড়ে ভূমি জরিপের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জরিপ শেষ করা দীর্ঘ সময়ের ব্যাপার। জরিপের জন্য কমিশন বসে থাকতে পারে না।"
বৃহস্পতিবার রাঙামাটি সার্কিট হাউসে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের মতবিনিময় সভা শেষে কমিশন চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা বলেন।
সভায় কমিশন সদস্য চাকমা রাজা দেবাশীষ রায়, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলাম, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, কমিশনের সদস্য সচিব আবদুল হামিদ উপস্থিত ছিলেন।
তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, কমিশনের অন্যতম সদস্য পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সভায় উপস্থিত হননি।
সন্তু লারাম ভূমি বিরোধ নিরসনের আগে জরিপের দাবি জানিয়ে আসছেন।
কমিশন চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম বলেন, বিরোধ নিষ্পত্তির জন্য ইতোমধ্যে অনেক দরখাস্ত কমিশন কার্যালয়ে জমা পড়েছে। সেগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপ হয়নি। পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপের জন্য সরকারের সিদ্ধান্ত আছে।
চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপ কমিশনের মুখ্য বিষয় নয়। কমিশনের মূল কাজ হলো ভূমি বিরোধ নিষ্পত্তি করা।
তিনি মনে করেন, কোনো কোনো বিরোধের ক্ষেত্রে জরিপের প্রয়োজন নাও হতে পারে। যেসব বিরোধের ক্ষেত্রে ভূমি জরিপ দরকার হবে শুধু সেগুলোই জরিপ করতে হবে। পুরো পার্বত্য চট্টগ্রামে যে ঢালাওভাবে ভূমি জরিপ হতে হবে এমন কোনো কথা নেই।
কমিশনের সবাই বসে বিষয়গুলো বিস্তারিতভাবে খতিয়ে দেখে সিদ্ধান্ত হওয়া দরকার বলেও দেবাশীষ রায় মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৮ ঘ.
bdnews24