পদ্মা সেতু: বেগম মুজিবের নামে করার সুপারিশ
বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে প্রস্তাবিত পদ্মা সেতুর নামকরণ করার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির ১৩তম বৈঠকে এ প্রস্তাব করা হয়।
কর্মকর্তারা জানান, এ বছর ডিসেম্বরে অথবা আগামী বছর জানুয়ারিতে প্রস্তাবিত এ সেতুর নির্মাণ কাজ শুরু হতে পারে।
যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপু উকিলের প্রস্তাব অনুযায়ী আমরা পদ্মা সেতুর নামকরণ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামানুসারে করার জন্য জোর সুপারিশ করেছি।"
এ সময় তার কক্ষে থাকা সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ সাংসদ অপু উকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের জন্য প্রধানমন্ত্রীর মায়ের অবদানের কথা বিবেচনায় এনে তিনি এ প্রস্তাব করেছেন।
মুজিবুর রহমান জানান, এ সরকারের আমলে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যেই এ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুটি হবে দেশের সবচেয়ে দীর্ঘ সেতু। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর সরাসরি যোগাযোগ স্থাপন করবে এ সেতু।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সেতুটি স্থাপনে ব্যয় হবে ২৪০ কোটি মার্কিন ডলার।
সেতু নির্মাণে বিশ্বব্যাংক ১২০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। বাকি অর্থায়ন করবে- এশীয় উন্নয়ন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি, ইসলামী উন্নয়ন ব্যাংক এবং আবুধাবি ফান্ড।
১৯৭৫ সালের ১৫ আগস্ট এক সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সপরিবারে নিহত হন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঢাকার সঙ্গে উত্তর বঙ্গের যোগাযোগ স্থাপনকারী দেশের সর্ববৃহৎ সেতু- যমুনা সেতু'র নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হয়।
২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে যমুনা নদীর নামানুসারে সেতুর নামকরণ করে।
