কুমিল্লা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লায় বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর নয় সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতলের আবদুল কাদির খান, তিতাস উপজেলার বিরামকান্দি বড় গাজীপুরের দ্বীন ইসলাম, বিরামকান্দির মো. সাইফুল্লাহ আখন্দ, হোমনার তেভাগিয়া কলাগাছিয়ার আরশাদুল আলম ওরফে টি আলম, দেবিদ্বারের ছোটনা অর্জুনপাড়ার আব্দুর রহিম ওরফে সাইফুল্লাহ, কোতয়ালি থানাধীন যশপুর গ্রামের আমিনুরল ইসলাম ওরফে ছোটন, সাতক্ষীরার ইটাগাছা বাংমালার মোড় এলাকার মো. শামীম হোসেন ওরফে শামীম, জয়পুরহাটের বানিয়াপাড়ার মো. মিজানুর রহমান ওরফে শাওন ও চাপাইনবাবগঞ্জের নয়াদিয়ারীর মইন খান ওরফে সোহেল।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় দেবিদ্বারের মাওলানা আতিকুর রহমান, বুড়িচংয়ের আজ্ঞাপুরের হাফেজ জাকির হোসেন, গাজিপুরের নরগাঁওয়ের আজিম উদ্দিন মাস্টারকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১১টার দিকে সারাদেশের মতো কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালতের নতুন ভবনসহ আটটি স্থানে একযোগে বোমা হামলা চালায় জেএমবি জঙ্গিরা।
বোমা হামলায় আদালত এলাকায় লোকমান (৩০), ফেলু মিয়া (৭০) ও ওসমান গণি (৫৩) আহত হয়।
এ ঘটনায় ১২ জনকে আসামি করে ওইদিনই কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর তৈমুর বাদি হয়ে মামলা করেন।
পরের বছর ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
আদালত ৪৫ জনের সাক্ষ্য নেওয়ার পর রায় দিলো।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রমিজ উদ্দিন চৌধুরী, আ হ ম তাইফুর আলম, ইউসুফ আলী, নাহিদ সুলতানা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩০ ঘ.
bdnews24