ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গোড়ানে গৃহবধূ কণিকা হত্যার ঘটনায় স্বামী আলী হোসেনকে বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারের পরপরই আলী হোসেন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান র্যাব-৩ এর সহকারি পরিচালক (অপারেশন) মো. জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার সকালে টিকাটুলী র্যাব-৩ কার্যালয়ে আলী হোসেনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
আলী হোসেন র্যাব সদস্যদের বলেন, "দীর্ঘদিন সৌদি আরব থেকে যে টাকা-পয়সা পাঠিয়েছিলাম সেগুলো নিয়ে প্রায়ই কণিকার সঙ্গে আমার ঝগড়া হতো। কখনো হাতাহাতি ও মারামারি হয়েছে।"
আলী হোসেনের উদ্ধৃতি দিয়ে র্যাব কর্মকর্তা জানান, ঘটনার দিন রাত দশটার দিকে তিনি শ্বশুর বাড়িতে যান। সেখান থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে পূর্ব গোড়ানের ভাড়া বাসায় আসেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে দু'জনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
ভোর রাতে সন্তানের কান্নায় দু'জনের ঘুম ভেঙে গেলে দু'জনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে দু'জনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় কণিকা উত্তেজিত হয়ে আলী হোসেনকে চড় মারেন। আলী হোসেন তখন কণিকাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন এবং ডান হাত দিয়ে কণিকার কন্ঠনালি চেপে ধরে রাখলে ৩/৪ মিনিটের মধ্যেই কণিকার মৃত্যু হয়। এরপর মেয়ে আদরকে তার নানির কাছে রেখে পালিয়ে যান তিনি।
র্যাব কর্মকর্তা জানান, এ সময় আলী হোসেনের এক বছরের মেয়ে আদর বিছানায় বসে সব কিছুই দেখছিল এবং কান্নাকাটি করছিল।
পরে আলী হোসেন নিজের পোশাক বদলে মেয়েকে কাপড় পরিয়ে, হাত-মুখ ধুইয়ে বাসায় তালা দিয়ে বের হয়ে যান। এর আগে কণিকার মুখ থেকে বের হয়ে আসা রক্ত ও ফেনা মুছে পরিষ্কার করেন আলী হোসেন। রক্ত মাখা সেসব কাপড় পরে উদ্ধার করা হয়।
আলী হোসেন আরো জানান, ২০০৬ সালের মার্চে কণিকার (১৯) সঙ্গে তার বিয়ে হয়। এর কিছুদিন পর তিনি সৌদি আরব চলে যান। ২০১০ সালে একেবারে দেশে চলে এসে চশমার টেকনিশিয়ান হিসাবে ব্যবসা শুরু করেন।
গত ২৬ জুলাই সকালে খিলগাঁও থানা পুলিশ কণিকার লাশ পূর্ব গোড়ানের একটি বাসা থেকে উদ্ধার করে। ওই বাসায় কণিকা তার স্বামী-সন্তানকে নিয়ে থাকতেন।
এ ঘটনায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশের পাশাপাশি র্যাবও কণিকার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ বুধবার রাত সাড়ে ১১টায় আলী হোসেনকে দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এমইউএস/এইচএ/১৮৫০ ঘ.
bdnews24