২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের 'সঙ্গতি-অসঙ্গতি' নির্ধারণ করবে বিশেষ কমিটি

সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে আদালতের দেওয়া রায়ের 'সঙ্গতি-অসঙ্গতিগুলো'নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 12:04 PM

Updated : 25 Aug 2022, 05:09 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে আদালতের দেওয়া রায়ের 'সঙ্গতি-অসঙ্গতিগুলো'নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে বিশেষ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে বাদ দেওয়া বা পরিবর্তন করা ধারাগুলো পুনর্বহালের জন্য একটি সুপারিশ পেশের জন্য কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরী ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, জাতীয় সংসদ ও আইন কমিশনের সঙ্গে আলোচনা করে তারা এ সুপারিশ উপস্থাপন করবেন। ১৯৭৯ সালে সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান সংবিধানে পঞ্চম সংশোধনী আনেন। বৈঠক শেষে বিশেষ কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, "কমিটি সৈয়দা সাজেদা চৌধুরী ও আমাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় সংসদ এবং আইন কমিশনের সঙ্গে আলোচনা করে পঞ্চম সংশোধনীর বিষয়ে সুপ্রীম কোর্টের দেওয়া রায়ের সঙ্গতি ও অসঙ্গতিগুলো সংবিধানের আলোকে নির্ধারণের দায়িত্ব দিয়েছে।" তিনি জানান, আগামী ৮ আগস্ট কমিটির পরবর্তী বৈঠকে তারা এ বিষয়ে সুপারিশমালা পেশ করবেন। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত টার্মস অব রেফারেন্স অনুযায়ী এই কমিটি কাজ করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। গত ২১ জুলাই সংসদে বিশেষ কমিটি গঠনের সময় সংসদ নেতা শেখ হাসিনা প্রস্তাব করেন যে, সুপ্রীম কোর্টের রায়ের আলোকে কমিটি সংবিধানের বর্তমান ধারাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনীর সুপারিশমালা পেশ করবে। ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে এবং জনগণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে।" তিনি জানান, সংবিধান সংশোধনে মতামত নেওয়ার জন্য কমিটির পরবর্তী বৈঠকগুলোতে সংবিধান বিশেষজ্ঞ ও অ্যাকাডেমিশিয়ানদের আমন্ত্রণ জানানো হবে। বিএনপি'র প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ১৯৭৯ সালে সামরিক ফরমান জারি করে সংবিধানে পঞ্চম সংশোধনী আনেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করে ক্ষমতা গ্রহণ করেন। জিয়া পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' অন্তর্ভুক্ত করে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ক্ষুন্ন করেন। তিনি 'বাঙালি' জাতীয়তাবাদের পরিবর্তে 'বাংলাদেশি জাতীয়তাবাদ' যুক্ত করেন। ২০০৫ সালে হাইকোর্ট প্রথম সংবিধানের পঞ্চম সংশোধনীকে 'অবৈধ' ঘোষণা করে রায় দেয়। পরে বিএনপি সরকার এর বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের ওই রায় স্থগিত হয়ে যায়। গত ২৭ জুলাই সংবিধানের পঞ্চম সংশোধনী মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ের অভিমতে আদালত বলেছে, "লিভ আবেদন দুটি খারিজ করে আমরা সামরিক আইন ও সংবিধান স্থগিত করাকে একেবারেই অনুমোদন দিচ্ছি না। এ বেআইনি কাজের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত এবং নিন্দা জানানো উচিত। যাতে করে ভবিষ্যতে কোনো অতি উৎসাহী এবং অবৈধ ক্ষমতা দখলকারী জনগণের সংবিধান ও তাদের সম্মতিতে নির্বাচিত সরকারকে অপসারণ করার ঔদ্ধত্য না দেখাতে পারে।" রায়ে আদালত আরো বলেছে, "এ বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে। আমরা সব ধরনের সংবিধান বহির্ভূত কর্মকাণ্ডকে চিরতরে বিদায় জানাচ্ছি।" রায়ের কপি হাতে পাওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের ক্ষমতাগ্রহণ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রেখেছে। তবে হাইকোর্ট রায়ে বাঙালি জাতীয়তাবাদের কথা বললেও আপিল বিভাগ জাতীয়তাবাদ বাংলাদেশি হবে বলে অভিমত দিয়েছে।" বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তি জাতীয়তাবাদের প্রশ্নে দ্বিধাবিভক্ত। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মধ্যবাম শক্তি বাঙালি জাতীয়তাবাদ এবং বিএনপিপন্থী মধ্যডান ও ডান শক্তি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রচার করে থাকে। হাইকোর্টের রায় বিএনপির রাজনৈতিক আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছে বলে বিপক্ষের রাজনৈতিক শক্তিগুলো প্রচারণা চালিয়েছিল। আপিল বিভাগের রায় জাতীয়তাবাদের রাজনৈতিক বিতর্কে নতুন উত্তাপের সুযোগ তৈরি করে দিতে পারে। মাহবুবে আলম আরো বলেন, চার মূূলনীতির বিষয়ে রায়ের মূল অংশে কিছুই বলা হয়নি। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকে আপিল বিভাগ ভীষণভাবে ভর্ৎসনা করেছে। ভবিষ্যতে যাতে এভাবে কেউ ক্ষমতা দখল না করতে পারে সেব্যাপারে আদালত হুঁশিয়ারিও উচ্চারণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/১৭৫৫ ঘ.