২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে প্রকাশ্যে বিএনপি নেতাকে হত্যা

মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদ চত্বরে শত শত লোকের সামনে স্থানীয় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 05:09 PM

মেহেরপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদ চত্বরে শত শত লোকের সামনে স্থানীয় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিন দুর্বৃত্ত এ হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। নিহত আফসুদ্দিন শেখ (৪৮) মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। তিনি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। তার বাড়ি ইউনিয়নের পরানপুর গ্রামে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবি করে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে দলের নেতাকর্মীরা শহরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে। মেহেরপুর সদর থানার ওসি গোলাম রহমান সাংবাদিকদের জানান, গ্রাম্য রাজনৈতিক দ্বন্দ্ব ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ওসি জানান, পুলিশ হত্যাকারীদের ব্যবহৃত মটরসাইকেল এবং ফেলে যাওয়া মোবাইল ফোনসেট জব্দ করেছে। কাউকে আটক করা যায়নি। তবে হত্যাকারীদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে। তাদের আটকে অভিযান শুরু হয়েছে। তিনি জানান, আফসুদ্দিনের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ভাগ্নে আহসান হাবিব মিরাজ বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৩ ঘ.