জামালপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মাদারের চর গ্রামে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
দেওয়ানগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, পাঁচ বিঘা জমি নিয়ে মাদারের চর গ্রামের আফসার আলীর সঙ্গে মজিদ বেপারীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
বিরোধপূর্ণ জমিটিতে পাটের আবাদ করেছিলেন আফসার আলী।
ওসি জানান, আজ (মঙ্গলবার) সকালে মজিদের লোকজন পাট কাটতে গেলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দা, লাঠি, ফালা, বল্লম ও সড়কির আঘাতে মহিলাসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।
এদের মধ্যে নয়জনকে জামালপুর জেনারেল হাসপাতালে এবং সাতজনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের তারা হলেন- আছর উদ্দিন (৭০), কুদ্দুস আলী (৬০), সাইফুল ইসলাম (৪০), বাহার উদ্দিন (৩০), ফুল মিয়া (৩২), সেলিম উদ্দিন (৫০), দুলু মিয়া (২৫), সোনা খাতুন (৪৫) ও কদভানু (৪৭)।
যাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তারা হলেন- আয়শা বেগম (৫০), সোহরাব আলী (৬৫), মজিবর রহমান (৬২), রায়হান (২৭), আমিনুল ইসলাম (৪০), ফারুক (২৪) ও খোকা (৩০)।
ওসি জানান, এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24