২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের দুই মামলায় মাহমুদুরের জামিন

গোপালগঞ্জের দু'টি মানহানির মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

গোপালগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের দু'টি মানহানির মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে তাকে হাজির করা হয়। মাহমুদুরের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে হাকিম মোস্তফা কামাল তার জামিন মঞ্জুর করেন। আগামী ৮ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মাহমুদুর রহমানকে সোমবার ঢাকা থেকে গোপালগঞ্জ জেলা করাগারে এনে রাখা হয়। গত ২ জুন কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মাহমুদুরের বিরুদ্ধে পৃথক দু'টি মানহানির মামলা করেন। এর মধ্যে একটি মামলায় অভিযোগ করা হয়, ২৫ এপ্রিল 'যুদ্ধাপরাধীর তালিকায় আওয়ামী লীগের শীর্ষ নেতা ও স্বজনরা" শিরোনামে আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে যে সব আওয়ামী লীগ নেতার নাম রয়েছে তারা যুদ্ধাপরাধী নয়। ওই প্রতিবেদনে মুক্তিযোদ্ধা সংসদের কোটালীপাড়ার সাবেক কমান্ডার শেখ লুৎফর রহমান ও ডেপুটি কমান্ডার মুজিবুল হক স্বাক্ষরিত দুটি তালিকা প্রকাশ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অপর মামমলায় অভিযোগ করা হয়, গত ১৪ মে আমার দেশ পত্রিকায় 'কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভায় বোমা পোতার সাথে আওয়ামী লীগ নেতারা জড়িত' শিরোনামে প্রকাশিত সংবাদে মুফতি হান্নানের উদ্ধৃতি দিয়ে বাদি গোলাম কিবরিয়ার নাম ছাপানো হয়েছে। কিন্তু মুফতি হান্নান তার নাম বলেননি। এতে বাদি গোলাম কিবরিয়ার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। শেখ হাসিনার জনসভায় বোমা পোতার মামলায় হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) নেতা মুফতি হান্নান গত ১৩ মে গোপালগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে এই ঘটনায় আওয়ামী লীগের বেশ ক'জন নেতার নাম উল্লেখ করে তাদের জড়িত থাকার অভিযোগ করেন। ২০০০ সালের ২২ জুলাই কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান কলেজ মাঠে শেখ হাসিনার জনসভাস্থল থেকে পুঁতে রাখা বোমা উদ্ধার করা হয়। আমার দেশের প্রকাশক হাসমত আলীর দায়ের করা প্রতারণার মামলায় গত ২ জুন ভোররাতে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ১ জুন রাতে পত্রিকাটির প্রকাশনা বাতিল ও ছাপাখানা সিলগালা করে দেয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৫৩ ঘ.