ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও সদস্য এ টি এম ফজলে কবীরের নিয়োগ ও দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন মঙ্গলবার সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ এ রায় দেন।
রায়ের পরপরই রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আপিল করার জন্য সনদ চেয়ে আবেদন করলে আদালত তাও নাকচ করে দেয়।
রায়ে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংবিধানের প্রস্তাবনার আলোকে প্রণয়ন করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, একটি ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে আইনটিকে সুরক্ষিত করা হয়েছে।
রায়ে আরো বলা হয়, মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল কাজের ক্ষেত্রে স্বাধীন, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের অধীন নয়।
রায়ে বলা হয়, এ দুই বিচারপতি (নিজামুল হক ও এ টি এম ফজলে কবীর) অস্থায়ী ভিত্তিতে ট্রাইব্যুনালে বিচারক হয়েছেন, সেখানের বিচারকাজ শেষে তারা আবার হাইকোর্টে ফিরে আসবেন। তাই তাদের ট্রাইব্যুনালের বিচারকের পদে থাকা অবৈধ নয়। এই নিয়োগের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যাহত হয়নি।
রায়ে আরো বলা হয়, এই নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। কারণ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেই এই নিয়োগ দেওয়া হয়েছে। তাই এই রিট আবেদনটি সরাসরি খারিজ করা হলো।
রায়ের পর আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।"
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "সংবিধান সমুন্নত রাখার জন্য ট্রাইব্যুনাল গঠন করে এই বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের দুই বিচারক সংবিধান ও আইন মেনেই নিয়োগ করা হয়েছে। হাইকোর্টও এই নিয়োগকে সংবিধান সম্মত বলেছে।"
তিনি আরো বলেন, '৭১-এর মানবতা বিরোধীদের বিচার জন দাবি। এই সরকারের এটি নির্বাচনী ম্যান্ডেট ছিলো। সংসদেও এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৪ জুলাই অ্যাডভোকেট নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী এ রিট আবেদনটি করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল এবং ট্রাইব্যুনাল গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/কেএমএস/১৩৩৪ ঘ.
bdnews24