২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, লাঠিপেটা

রাজধানীর গুলশান, বনানী ও মহাখালী এলাকায় সোমবার প্রায় ৭ ঘণ্টা ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 04:55 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান, বনানী ও মহাখালী এলাকায় সোমবার প্রায় ৭ ঘণ্টা ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। টিউশন ফি'র ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় এ সংঘর্ষ ঘটে। এসময় বিমানবন্দর সড়ক এবং মহাখালী-গুলশান সড়কে প্রায় ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়ক অবরোধকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস শেল ছুঁড়ে এবং লাঠিচার্জ করে। শিক্ষার্থীরা ২০/২৫টি গাড়ি ভাংচুর করে। টিউশন ফি'র ওপর শতকরা ৪ ভাগ ভ্যাট (মূসক) আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা এই আন্দোলনে নামে। গুলশান জোনের সহকারি কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২ টার দিকে বনানী থেকে প্রথমে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের (এআইইউবি) শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে মিছিল বের করে। তারা বিমানবন্দর সড়কে এসে অবস্থান নিলে মহাখালীর বিমনাবন্দর সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা ইটপাটকেল ছুঁড়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ এসে তাদের বোঝানো চেষ্টা করে। এভাবে প্রায় ২ ঘণ্টা পার হয়ে যায়। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর ২টার দিকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কিন্তু কিছুক্ষনের মধ্যে মহাখালি এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক হয়ে একই দাবিতে মহাখালি গুলশান সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পুলিশ কর্মকর্তা নূরুল আলম জানান, শিক্ষার্থীরা একই ভাবে ইটপাটকেল ছুঁড়ে গাড়ি ভাংচুর করে এবং যানচলাচলে বাধা দেয়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকলে এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। কোরবান আলি নামের এক দোকানদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই সড়কে বিক্ষিপ্তভাবে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সন্ধ্যা প্রায় পৌনে ৭টা পর্যন্ত এই অবস্থা চলে। ফলে বিমানবন্দর সড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও গুলশান মহাখালি সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ প্রহরায় এই সড়ক দিয়ে মাঝেমাঝে গাড়ি চলাচল করে বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা নুরুল আলম জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হলে তারা সন্ধ্যা পৌনে ৭ টার দিকে তাদের অবস্থান থেকে সরে যায় এবং যান চলাচল পুনরায় শুরু হয়। তবে শিক্ষার্থীদের অনেকেই একে একে চলে যাওয়ায় পরিস্থিতি এমনিতেই স্বাভাবিক হয়ে আসছিল বলে জানান তিনি। এর আগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিকাল সাড়ে ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের অবরোধের কারণে গুলশান-১ থেকে মহাখালী পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।" বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অঘোষিত এই কর্মসূচিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাসে চলাচলকারী যাত্রী সাধারণকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/কেএমএস/২০৩৪ ঘ.