ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুদ্ধাপরাধ বিচারে সরকার সঠিক পথেই এগুচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের পাঁচ মন্ত্রী।
সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বর্তমান সরকারের মেয়াদেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে বলেও জানান তারা।
সোমবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনাতায়তনে 'যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র: সরকার ও নাগরিক সমাজের করণীয়' শীর্ষক সেমিনার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে। এই বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে। কিন্তু এ ধরনের ষড়যন্ত্রের চেষ্টা প্রতিরোধ ও বানচাল করতে হবে।"
বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, যুদ্ধাপরাধ বিচারের প্রক্রিয়া স্বচ্ছ করা এবং আন্তর্জাতিক মান বজায় রাখাই সরকারের লক্ষ্য। এজন্যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে।
পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেন, "সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধের বিচারের প্রস্তাব পাস করে সরকার। এই বিচার প্রক্রিয়ায় সরকার ইতোমধ্যে যেভাবে এগোচ্ছে, তা অত্যন্ত সঠিক ও দৃঢ়তার সঙ্গে যাচ্ছে।"
যুদ্ধাপরাধীদর সংখ্যা কম হলেও জামায়াতের অর্থনৈতিক শক্তিকে ছোট করে দেখার অবকাশ নেই বলে জানান মুক্তিযুদ্ধের এই উপপ্রধান সেনাপতি।
তিনি বলেন, "সরকারকে এই মেয়াদেই যুদ্ধাপরাধের বিচার শেষ করতে হবে। শত্র"কে কখনো দুর্বল ভাবতে নেই। এ বিচার না হলে তারা (যুদ্ধাপরাধীরা ) কত নিষ্ঠুর তা দেখা যাবে। ভয়াবহ পরিনাম এ দেশে নেমে আসবে।"
যুদ্ধাপরাধ বিচারে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেন, "এ সরকার অঙ্গীকার অনুযায়ী কাজ করে যাচ্ছে। এই বিচারে কোনোভাবেই ঢিলেমি করার অবকাশ নেই।"
তিনি জানান, সরকারের একা নয়, বরং সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচার সম্ভব হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম জানান, এ বিচার যখন শুরু হয়েছে, শেষও হবে। এ নিয়ে আর সন্দেহ থাকা উচিত নয়। বিচার প্রক্রিয়াকে আরো গতিশীল ও দ্রুততার সঙ্গে শেষ করার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের আকার, প্রকৃতি, লক্ষণ নির্ধারণ করে তা মোকাবেলার মাধ্যমে লক্ষ্যে পৌঁছতে হবে।"
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী যুদ্ধাপরাধের বিচারকে গতিশীল করার লক্ষ্যে অবিলম্বে পুরান হাইকোর্ট ভবনের পুরো অংশ ট্রাইব্যুনালের জন্য বরাদ্দ দেওয়া, আইনজীবী ও বিচারক প্যানেলে সদস্য সংখ্যা বাড়ানো (২৫ জন করে) এবং সরকারের মন্ত্রীদের এ বিষয়ে কম কথা বলার পরামর্শ দেন।
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সেক্টর কমান্ডার ফোরামের সমন্বয়ক হারুন-অর রশীদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার কবির, সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ বক্তব্য রাখেন।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/২০৩০ঘ.
bdnews24