২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 04:55 PM

নারায়ণগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত পঞ্চবটি বিসিক শিল্প নগরীতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে নোটিশ না দিয়ে তাদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ব্যবসায়ী। জেলা প্রশাসনের নির্বাহী প্রশাসক তানজিলা ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিসিকের বিভিন্ন প্লট দখল করে গড়ে উঠা কনফেকশনারি, তৈরি পোশাক শিল্পের সরঞ্জামের (গার্মেন্টস এক্সেসরিজ) দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে পুলিশ, র‌্যাব ও পঞ্চবটি বিসিক শিল্পনগরী কর্তৃপক্ষ। বিসিক শিল্পনগরী কর্তৃপক্ষের কর্মকর্তা মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, শিল্পনগরীর ব্যাবসায়ীদের অভিযোগের পরিপ্র্রেক্ষিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। উচ্ছেদ অভিযানের আগে ভবনগুলোর মালিকদের এ বিষয়ে নোটিশ দেওয়া হয় বলে দাবি করেন তিনি। বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সভাপতি শামীম চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার অভিযোগ করেন, শিল্প নগরীতে এসব অবৈধ দোকানপাট বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দোকানিদের অনেকে শিল্প প্রতিষ্ঠানের অসাধু কর্মচারিদের সঙ্গে যোগসাজসে সুতাসহ পোশাক শিল্পের বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতি চুরি করে এখানে বিক্রি করতো। দোকানীরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা প্রত্যেকেই ভবন মালিকদের ৫০ হাজার থেকে ১ লাখ টাকা অগ্রিম দিয়ে মাসিক ৪ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত ভাড়ার চুক্তিতে এসব দোকান বরাদ্দ নিয়েছেন। নোটিশ ছাড়াই তাদের দোকানপাট ভেঙ্গে ফেলা হয়েছে। এতে আর্থিক শিকার হয়েছেন তারা। উচ্ছেদ হওয়া গার্মেন্টস এক্সেসরিজের দোকান ইশাকা ট্রেডার্সের মালিক ইব্রাহীম সাংবাদিকদের বলেন, বিভিন্ন পোশাক কারখানার মালিকের কাছে তার পাওনা রয়েছে প্রায় ৪ লাখ টাকা। বিনা নোটিশে দোকান ভেঙে দেওয়ায় বাকি টাকা পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৩৬ ঘ.