ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ জুনের হরতালে সংঘর্ষের ঘটনায় দায়ের করা চার মামলায় বিএনপি সাংসদ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি মামলা চারটিতে তাকে কেনো স্থায়ী জামিন দেওয়া হবে না- তিন সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ জানাতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ্যানির জামিন আবেদনে এ আদেশ দেয়।
গত ২৭ জুন শাহবাগ থানায় এ্যানির বিরুদ্ধে এ মামলা চারটি দায়ের করে পুলিশ।
এ্যানির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে শাহবাগের কাছে সংঘর্ষে আহত শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশের কাজে বাধাদান, ভাংচুর ও সম্পদ ক্ষতির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬১০ ঘ.
bdnews24