২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শ্রমিকের মৃত্যু, ভাংচুর-সংঘর্ষ

সাভারে এক শ্রমিকের মৃত্যুর জেরে সংঘর্ষ ও ভাংচুরের পর সোমবার রাতে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 04:58 PM

সাভার, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে এক শ্রমিকের মৃত্যুর জেরে সংঘর্ষ ও ভাংচুরের পর সোমবার রাতে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ভারটেক্স গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান গণি তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষ ও ভাংচুরে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই মেরামতের জন্য কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। সোমবার সকালে কারখানাটির এক শ্রমিক মারা যান। সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে ভারটেক্স গ্র"পের এই পোশাক কারখানায় ব্যাপক ভাংচুর করে শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। শ্রমিকরাও পাল্টা ইট-পাটকেল ছোড়ে। প্রায় দুই ঘণ্টার এই সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অর্ধশতাধিক। পুলিশ সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। কারখানা কর্তৃপক্ষ বলেছে, অসুস্থ অবস্থায় এই শ্রমিককে হাসাপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। তবে শ্রমিকরা অভিযোগ করেন, অসুস্থ হওয়ার পর তাদের এই সহকর্মী ছুটি চাইলেও কারখানা কর্তৃপক্ষ তাকে দিয়ে জোর করে কাজ করিয়েছে। আগেই ছুটি দিলে এভাবে তার মৃত্যু হতো না। গত শুক্রবার রাজধানীর মিরপুরে একই গ্র"পের একটি তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ভারটেক্স গ্র"পের ড্রেস ওয়ার্ল্ড লিমিটেডের হুমায়ুন কবীর (২৫) নামে এক শ্রমিক মারা গেছে। মৃত্যুর কারণ জানা যায়নি। হুমায়ুন কবীর ভারটেক্স গ্র"পের ড্রেস ওয়ার্ল্ড কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর পদে কাজ করতেন। তিনি চুয়াডাঙ্গার সদর থানার গজাইল এলাকার আব্দুল হাকিমের ছেলে। শ্রমিকদের অভিযোগ, হুমায়ুন ছয়তলা কারখানা ভবনের দ্বিতীয় তলায় কাজ করতেন। সকালে কারখানায় আসার পর অসুস্থ বোধ করলে তিনি সুপারভাইজার মিজানুর রহমানের কাছে ছুটি চান। কিন্তু তাকে ছুটি দেওয়া হয়নি। কাজ করতে থাকা অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ অচেতন হয়ে মেঝেতে পড়ে যান হুমায়ুন। পরে কারখানার গাড়ি দিয়ে স্থানীয় জামাল ক্লিনিকে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ওই ক্লিনিকের অ্যামবুলেন্স ভাড়া করে কৌশলে লাশটি তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় পাঠিয়ে দেয় বলে শ্রমিকরা অভিযোগ করেন। ড্রেস ওয়ার্ল্ড কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিম জানান, হাসপাতালে নেওয়ার পর হুমায়ুন মারা গেছেন। পরে কারখানা কর্তৃপক্ষের নির্দেশে লাশটি তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে গোপনে কেন লাশটি পাঠানো হলো জানতে চাইলে তিনি বলেন, সেটা কর্তৃপক্ষ জানে। কারখানার নিরাপত্তা কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, "হুমায়ুন কবীর অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে শুনেছি তিনি মারা গেছেন।" জামাল ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহেল কাফী জানান, মৃত অবস্থায় হুমায়ুনকে হাসপাতালে নিয়ে আসে ওই কারখানার লোকজন। পরে তারা ক্লিনিক থেকে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে লাশটি নিয়ে যায়। কারখানা শ্রমিকের মৃত্যু ও সহকর্মীদের বিক্ষোভের খবর পেয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ'র অতিরিক্ত সচিব মুনসুর খালেদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, কিভাবে ওই শ্রমিক মারা গেছেন সেটা তিনি জানেন না। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে সহকর্মীর মৃত্যুর খবর শুনে শ্রমিকরা কারখানার ভেতর স্বাস্থকেন্দ্র, নিরাপত্তাকর্মীদের কক্ষসহ ছয়তলা কারখানা ভবনটির জানলা দরজার কাচ, নিচ তলার আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ শুরু করে। শ্রমিকরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রমিক-পুলিশ দফায় দফায় সংর্ঘষ হয়। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সাভার থানার ওসি মাহবুবুর রহমান, কনস্টেবল আমিরুল ইসলাম এবং ওই কারখানার দায়িত্বরত চিকিৎসক ইসমত আরা বেগম, নার্স রাবেয়া বেগম, শ্রমিক জাহিদ, সোহেল, লাভলী, নওশেদ, জোসনা, তাজুল, নিখিল, রঞ্জন, মমিন, জাকির হোসেন। তাদের সাভারের বিভিন্ন হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃত শ্রমিকরা হলেন- মামুন খান, হাসান, বাবুল, স্বপন, মুন্না, শাহরুখ ও শিপন। এর মধ্যে মামুন খানের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও দুই রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, হুমায়ুন কবীরের স্বাভাবিক মৃত্যু হয়েছে। ময়না তদন্ত ছাড়া লাশ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ওসি কিছু বলেননি। সংঘর্ষের ঘটনায় সাভার থানায় এখন পর্যন্ত মামলা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/এমএসবি/২২২৫ ঘ.