ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এএসএম আলমগীর কবীরের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
তার এ নিয়োগ গত ১৯ জুলাই থেকে কার্যকর হয়েছে। গত বছরের ১৯ জুলাই তাকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
এছাড়া রোব ও সোমবার পৃথক আদেশে প্রশাসনের ১১ জন যুগ্ম-সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদে রদবদল করা হয়েছে।
যুগ্ম-সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জাকির হোসেন ও শফিকুল ইসলাম লস্করকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডা. সৈয়দ ওমর খৈয়ম ও কেবিএম ওমর ফারুক চৌধুরীকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত যুগ্ম-সচিব আবুল ফাতাহ মোহাম্মদ বখতিয়ারকেও ওএসডি করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব আবু আবদুল্লাহকে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক, ইকবাল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের 'ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি' সেলের প্রধান, হুমায়ুন কবির খানকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য, নূরজাহান বেগমকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক এবং কালিরঞ্জন বর্মনকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য পদে কর্মরত যুগ্ম-সচিব শামীমা সুলতানাকে বস্ত্র পরিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকল্পের প্রকল্প পরিচালক পদে কর্মরত উপসচিব মোহাম্মদ আবদুল মান্নানকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১৩৫৪ ঘ.
bdnews24