ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলেদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে এ বছরই বিশেষ পরিচয়পত্র চালু করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১০ উপলক্ষে রোববার নগরীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত 'খাদ্য নিরাপত্তায় মৎস্যজাত আমিষ ও প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয়াবলী' শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।
'মাছের উৎপাদন বৃদ্ধি কর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর'- শ্লোগান নিয়ে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ)।
বিএসএফএফ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
লতিফ বলেন, "ভোটারদের যেমন এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) আছে, কৃষকদের যেমন পরিচয়পত্র আছে, ঠিক তেমনই জেলেদের জন্যও বিশেষ আইডি কার্ডের ব্যবস্থা করা হবে"
খুব দ্রুত অন্যান্য খাতের মতো মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও ভর্তুকির ব্যবস্থা করা হবে জানিয়ে লতিফ বিশ্বাস বলেন, "এই পরিচয়পত্রের মাধ্যমে জেলেদের জন্য বরাদ্দ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।"
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বিএসএফএফ'র নির্বাহী পরিচালক মাহমুদুল করিম জানান, খাদ্যাভ্যাস ও বর্ধিত জনসংখ্যার চাহিদা সুষম রাখতে হলে ছোট-বড় যে কোনো জলাশয়ে মাছ চাষ করা প্রয়োজন। এছাড়া বংশগতভাবে উন্নত প্রজাতির মাছ চাষ করাও জরুরি।
আলোচনায় অংশ নেন মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ শাখার উপ-পরিচালক মো. খোন্দকার হাবিবুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন অধ্যাপক এম এ ওহাব, ফরেন ট্রেড ইনস্টিটিউটের সিইও অধ্যাপক এমএ তসলিম, বাংলাদেশ একোয়াকালচার অ্যালায়েন্স-এর আহ্বায়ক ও বিএফএফইএ'র ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান এবং বিএসএফএফ'র চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শামসুল কিবরিয়ার সভাপতিত্বে বিএসএফএফ'র চিফ অব প্রোগ্রাম এসএম ইশতিয়াক সেমিনার সঞ্চালনা করেন।
উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. শরফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহাবুবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/২৩৪৮ ঘ.
bdnews24