২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আইলা দুর্গতদের মধ্যে গৃহ নির্মাণ অনুদান কার্যক্রমের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে সাতক্ষীরা পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 05:02 AM

Updated : 25 Aug 2022, 04:30 PM

সাতক্ষীরা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইলা দুর্গতদের মধ্যে গৃহ নির্মাণ অনুদান কার্যক্রমের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে সাতক্ষীরা পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সকাল পৌনে ১১টার দিকে শ্যামনগর নকিপুর হরিচরণ উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে। হরিচরণ উচ্চ বিদ্যালয় মাঠে আইলা দুর্গতদের মধ্যে গৃহ নির্মাণ অনুদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার। এরপর প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। দুপুর ১২টার মধ্যে কর্মসূচি শেষ করে তিনি খুলনার কয়রা উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সাতক্ষীরা ও খুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২০০৯ সালের ২৫ মে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এতে সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রাসহ উপকূলীয় এলাকায় প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মো. মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছাবেন। দুপুর ৩টা ২৫ মিনিটে সেখানে তিনি গৃহ নির্মাণ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে কয়রা ত্যাগ করবেন। এর আগে বেলা ১২টায় প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আইলা দুর্গত মানুষদের মাঝে গৃহ নির্মাণ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। খুলনা জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার জানান, প্রধানমন্ত্রীর সফরের সব প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, জেলায় মেডিকেল কলেজ, কৃষি ও মৎস্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, রেল যোগাযোগ, সুন্দরবন টেক্সটাইল মিলস চালু, সুন্দরবনে পর্যটন কেন্দ্র স্থাপনসহ কয়েকটি দাবি প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৫৯ ঘ.