ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে বৃহস্পতিবার ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
পুলিশ জানিয়েছে, কমলাপুর রেল স্টেশনের পাশে অবস্থিত পীরজঙ্গি মাজার এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
নিহত তোতা মিয়া (৩৫) ও বাবুল (২৪) রিকশা চালক ছিলেন। তাদের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পীরজঙ্গি মাজারের উল্টোদিকের ফুটপাতে উঠে যায়।
তিনি বলেন, এতে ফুটপাতে শুয়ে থাকা তোতা মিয়া ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও ছয়জন। গুরুতর আহত বাবুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান।
এসআই কবির জানান, আহত অপর পাঁচজনকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১০৫৪ ঘ.
bdnews24