ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে ভাংচুর করেছে মৃতের স্বজনরা।
বুধবার সকাল ৯টার দিকে ধানমণ্ডি চার নম্বরে রেনেসাঁ হাসপাতালে ফেরদৌসী আক্তার (৩২) এর মৃত্যু হয়।
ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে অভিযোগ করে এর পরপরই রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর শুরু করেন।
ফেরদৌসীর স্বামী গোলাম গফুর ফরিদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে তার স্ত্রীর একটি পরীক্ষা (এইচএসডি) করাতে ধানমন্ডি পাঁচ নম্বরে মেডিনোভা মেডিকেল সার্ভিসে নিয়ে যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময় চিকিৎসকরা তার স্ত্রীকে 'আইপামিরো (iopamiro)' নামে একটি ইঞ্জেকশন দেন। এর পর থেকে ফেরদৌসীর অবস্থার অবনতি হতে থাকে।"
পরে তাকে অ্যাম্বুলেন্সে করে রাস্তার অপর পাশে রেনেসাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে প্রায় ৪০ মিনিট পর কর্তব্যরত চিকিৎসকরা ফেরদৌসীকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এ ঘটনায় রোগীর আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হয়ে মেডিনোভা মেডিকেল সার্ভিসের নিচ তলা ও দ্বিতীয় তলায় ভাংচুর চালায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হাসপাতালের চিকিৎসক ডা: পার্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোগীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার অবস্থা শোচনীয় ছিল।"
হাসপাতালে ভর্তি হওয়ার সময় রোগীর অবস্থা সম্পর্কে জানতে রেনেসাঁ হাসপাতালে ওই সময়ের কতর্ব্যকালীন চিকিৎসক ডা: শাহীনের সঙ্গে মোবাইল ফোনে যোগযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
রোগীর মৃত্যুর ব্যাপারে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপক (অ্যাডমিন) এসএম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডা: খালেদা নাসরিনের তত্বাবধানে রোগীর গাইনি বিষয়ক একটি টেস্ট করা হচ্ছিল।
তার শারীরিক সুস্থতার বিষয়টি পরীক্ষা করার পরই এই টেস্টটি করা হয় বলে জানান তিনি।
কিন্তু রোগীর শরীরে আইপামিরো ইঞ্জেকশনটি দেওয়ার পরপরই তার অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। এ কারণে তাকে রেনেসাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মেডিনোভার কোন ভুল নেই দাবি করে রফিকুল ইসলাম বলেন, একই ইঞ্জেকশনের অর্ধেক অপর এক রোগীকে দেওয়া হয়েছে এবং তিনি স্স্থু আছেন।
ধানমন্ডি থানার ওসি শাহ আলম জানান, রোগীকে দেওয়া ইঞ্জেকশনটি ইতালির তৈরী। এর শিশির গায়ে ২০০৯-২০১৪ পর্যন্ত মেয়াদ লেখা ছিল।
ফেরদৌসীর স্বামী গোলাম গফুর ফরিদ জানান, বিয়ের আট বছর হয়ে গেলেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। এ ব্যাপারে চিকিৎসার জন্য গেলে পপুলার হাসপাতালের চিকিৎসক ডা: হাফিজুর রহমান এই পরীক্ষাটি করতে দেন।
রেনেসাঁ হাসপাতালের চেয়ারম্যান জগলুূল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোগীকে আশংকাজনক অবস্থায় সকাল ৮টার দিকে মেডিনোভা থেকে আমাদের হাসপাতালে পাঠানো হয়। এর ৪০ মিনিট পরই তার মৃত্যু হয়।
তিনি অভিযোগ করেন, এই ঘটনায় দুপুর ১টার দিকে আওয়ামী লীগ নেতা হাজী সেলিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিজানকে মারধর করেন। একপর্যায়ে ওই চিকিৎসককে হাসপাতালের বাইরে নিয়ে গেলে তার সঙ্গে থাকা লোকজনও তাকে পেটায়।
এছাড়া আরো এক চিকিৎসকসহ মোট চারজনকে মারধরের অভিযোগ করে জগলুল বলেন, তারা হাসপাতালের নিচতলার অভ্যর্থনা কেন্দ্র ও দ্বিতীয়তলার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অফিস কক্ষেও দুই দফা ভাংচুর চালায়।
২০০৭ সালে এই হাসপাতালে ভুল চিকিৎসায় ফরিদা ইয়াসমীন নামে এক রোগী মারা যায় বলেও জানান হাসপাতালের চেয়ারম্যান। এই ঘটনায় একটি মামলা হয়।
তবে হাজী সেলিম এ অভিযোগ মিথ্যা দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের স্বামী গোলাম গফুর ফরিদ তার প্রতিষ্ঠান মদিনা গ্র"পের কর্মকর্তা। তার স্ত্রীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসে তিনি উত্তেজিত আত্মীয়-স্বজনকে শান্ত করেন।
হাসপাতালের চেয়ারম্যান জগলুূল করিম জানান, এ ঘটনা তদন্তের পর হাজী সেলিম ও তার কর্মীদের বিরুদ্ধে মামলা করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ধানমণ্ডি থানার ওসি শাহআলম জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা করা হবে বলে জানান ফেরদৌসীর স্বামী গোলাম গফুর ফরিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেবি/জিএনএ/২০০৯ ঘ.
bdnews24