২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের মজুরি 'অমানবিক': প্রধানমন্ত্রী

পোশাক শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা কেবল 'অপ্রতুলই নয়, অমানবিক' বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 04:20 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পোশাক শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা কেবল 'অপ্রতুলই নয়, অমানবিক' বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাহীন মনোয়ারা হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "তারা যে বেতন পায়, তা দিয়ে ঠিক মতো তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও হয় না। "শ্রমিকদের চাহিদা মালিকরা পূরণ করেন না। আমরা শ্রমিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। যাতে শ্রমিকরা যে বেতন পাবেন, তা দিয়ে যেন অন্তত তারা চলতে পারেন।" তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু করার জন্যও মালিকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পোশাক শিল্পের মালিকদের উদ্দেশে বলেন, "শ্রমিকদের পরিশ্রমের কল্যাণেই এই গার্মেন্টস মালিকরা বিদেশে ব্যবসা করেন। এজন্য, শ্রমিকদের জন্য তাদের কিছু করা উচিত। এটি বেসরকারি খাত, তাই আমাদের তেমন কিছু করার নেই। তারপরও আমরা ব্যবস্থা নিচ্ছি।" আরেক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, বেসরকারি খাতে বিদ্যুত উৎপাদনের পাশাপাশি কেউ যদি সঞ্চালন লাইনের ব্যবস্থা করতে চায়, সরকার তা বিবেচনা করে দেখবে। ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, গরীব বাবা-মায়ের সন্তানদের জন্য সরকার বিশেষ বৃত্তি চালু করতে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির জন্য সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি জানান। গাজী গোলাম দস্তগীরের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যানযট সৃষ্টি হওয়ার একটি প্রধান কারণ হলো- ট্রাফিক আইন ঠিক মতো না মানা। মোজাম্মেল হকের আরেক প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, চলতি বছরের শেষ নাগাদ নারায়ণগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/এইচএ/১৮১৫ঘ.