ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভাংচুর করেছে রোগীর স্বজনরা।
বুধবার সকাল ৯টার দিকে ধানমন্ডির রেনেসাঁ হাসপাতালে ফেরদৌসী আক্তার (৩২) এর মৃত্যু হয়।
'ভুল চিকিৎসায়' তার মৃত্যু হয়েছে অভিযোগ করে এর পরপরই রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর শুরু করেন।
ফেরদৌসীর স্বামী গোলাম গফুর ফরিদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে তার স্ত্রীর একটি পরীক্ষা (এইচএসডি) করাতে ধানমন্ডির মেডিনোভা মেডিকেল সার্ভিসে নিয়ে যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময় চিকিৎসকরা তার স্ত্রীকে 'লোপামিরো' নামে একটি ইঞ্জেকশন দেন। এর পর থেকে ফেরদৌসীর অবস্থার অবনতি হতে থাকে।"
পরে তাকে অ্যাম্বুলেন্সে করে রাস্তার অপর পাশে রেনেসাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে প্রায় ৪০ মিনিট পর কর্তব্যরত চিকিৎসকরা ফেরদৌসীকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এ ঘটনায় রোগীর আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হয়ে মেডিনোভা মেডিকেল সার্ভিসেও ভাংচুর চালায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের আত্মীয় আওয়ামী লীগ নেতা হাজী সেলিমও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/জেবি/আরএ/১৬২৭ ঘ
bdnews24