২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিল সংসদে উত্থাপিত

চিকিৎসকদের নিবন্ধণ নিয়ন্ত্রণ এবং মৌলিক ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অভিন্ন মান নিশ্চিত করতে 'বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিল ২০১০' জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চিকিৎসকদের নিবন্ধণ নিয়ন্ত্রণ এবং মৌলিক ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অভিন্ন মান নিশ্চিত করতে 'বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিল ২০১০' জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক। পরে বিলটি যাচাই-বাছাই করে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিকাল চারটার কিছু পরে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দেশ বা দেশের বাইরে অবস্থিত কোনো মেডিকেল প্রতিষ্ঠান থেকে ডিগ্রীধারী ব্যক্তি বাংলাদেশে ওই ডিগ্রী ব্যবহার করতে চাইলে এই আইনের অধিনে কাউন্সিল থেকে স্বীকৃতি নিতে হবে। এই আইন কার্যকর হলে- একজন পেশাদার সাধারণ চিকিৎসক, দন্ত চিকিৎসক বা স্বাস্থ্য সহকারি এই আইনের কোনো বিধান লংঘন, পেশাগত আচরণ বা নীতিমালার কোনো বিধান না মেনে দোষী প্রমাণিত হলে কাউন্সিল তার নিবন্ধন বাতিল করতে পারবে। এই বিলের চারটি তফসিলে দেশের সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়াও আইরিশ প্রজাতন্ত্র, আজারবাইজান, আরমেনিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, এস্তোনিয়া, কাজাকিস্তান, কিরগিস্তান, চীন, জর্জিয়া, জাপান, তাজিকিস্তান, তুর্কমিনিস্তান, পাকিস্তান, বেলারুশ, যুক্তরাজ্য, ভারত, মলডোভা, মালয়েশিয়া, মায়ানমার, রাশিয়া, লাটভিয়া, লিথুনিয়া, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রীধারীকে স্বীকৃতি লাভের জন্য কাউন্সিলের কাছে আবেদন করতে হবে। এই বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক বলেছেন, চিকিৎসকদের নিবন্ধণ নিয়ন্ত্রণ, মৌলিক ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অভিন্ন মান নিশ্চিত করতে মেডিকেল কাউন্সিল অ্যাক্ট ১৯৭৩ প্রণীত হয়। পরবর্তীতে মেডিকেল ও ডেন্টাল অ্যাক্ট ১৯৮০ সালে প্রণয়ন করা হয়। সরকারি পর্যায়ে ১৭টি মেডিকেল কলেজ ও তিনটি ডেন্টাল কলেজ পরিচালিত হচ্ছে। এরমধ্যে বেসরকারি পর্যায়ে ৪৪টি মেডিকেল কলেজ ও ১২টি ডেন্টাল কলেজ স্থাপিত হয়েছে। বিবৃতিতে তিনি আরো বলেন, "দেশে বর্তমানে সনদপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা আনুমানিক ৫৩ হাজার। বর্তমানে মেডিকেল ও ডেন্টাল অ্যাক্ট ১৯৮০- স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিতে এবং সময়ের চাহিদা পূরণে সক্ষম নয়। এটিকে বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ ও উন্নয়ন সহায়ক করা জরুরী।" এছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির জন্য ঢাকার তেজগাঁওয়ে 'কলেজ অব টেক্্রটাইল টেকনোলজি'কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য 'বাংলাদেশ টেক্্রটাইল বিশ্ববিদ্যালয় বিল-২০১০' জাতীয় সংসদে উত্থাপন করেন। বিলটি উত্থাপনের পর যাচাই-বাছাই করে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/২১৫৭ঘ.