২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় মৎস্য পুরস্কার

দেশে মাছ চাষ, পোনা উৎপাদন এবং মাছ চাষের প্রযুক্তি উৎদ্ভাবনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ বছর ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশে মাছ চাষ, পোনা উৎপাদন এবং মাছ চাষের প্রযুক্তি উৎদ্ভাবনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ বছর ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ২১ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেবেন। পুরস্কার হিসেবে ছয়জন ব্যক্তি ও প্রতিষ্ঠান পাবে একটি করে স্বর্ণপদক, ২৫ হাজার টাকা ও একটি সনদপত্র এবং অন্য ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান পাবে একটি করে রৌপ্য পদক, ১৫ হাজার টাকা ও একটি করে সনদপত্র। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে জাতীয় পুরস্কারের জন্য ১৬টি প্রতিষ্ঠানের নির্বাচিত হওয়ার কথা জানান। তিনি জানান, এসব প্রতিষ্ঠানের নাম পুরস্কার প্রদান সংক্রান্ত জাতীয় কমিটির সভায় চূড়ান্ত করা হয়েছে। এক্ষেত্রে পরিবর্তনের আর কোন সম্ভাবনা নেই। তবে তিনি এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম জানাতে পারেননি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর থেকে পাওয়া তালিকা অনুযায়ী এ ১৬টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে স্বর্ণপদক পাচ্ছেন- গুণগত মানসম্পন্ন রেনু পোনা উৎপাদনের জন্য ময়মনসিংহের গৌরিপুরের রাজ মৎস্য হ্যাচারি ও নার্সারি, গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদনের জন্য ময়মনসিংহ সদরের রূপালী মৎস্য খামার, মাছ উৎপাদনের জন্য ময়মনসিংহ মুক্তাগাছার আল বাইশ এগ্রো কমপ্লেক্স, বাগদা চিংড়ি উৎপাদনের জন্য সাতক্ষীরা দেবহাটার মাহমুদুল হক, মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানীকারক হিসেবে হিমায়িত চিংড়ি এবং শুটকি রপ্তানীর জন্য চট্ট্গ্রামের পাহাড়তলীর সী মার্ক (বিডি) লি. এবং মৎস্য সম্পদের উন্নয়নে প্রযুক্তি উদ্ভাবনের জন্য ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। রৌপ্য পদকের জন্য নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-গুণগত মানসম্পন্ন রেনু পোনা উৎপাদনের জন্য ময়মনসিংহ ত্রিশালের সততা মৎস্য হ্যাচারি ও নার্সারি এবং যশোর সদরের মা ফাতিমা ফিস হ্যাচারিজ, গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদনের জন্য পাবনা ঈশ্বরদীর হাবিব মৎস্য খামার, যশোর সদরের রাইয়াত ফিস ফার্ম এবং পঞ্চগড়ের বোদার শাহিন কবির প্রধান সম্রাট, মাছ উৎপাদনের জন্য কক্সবাজারের এলিট একোয়াকালচার লি. ও নেত্রকোণা পূর্বধলার মেঘ-শিমুল এগ্রোফিশারিজ, বাগদা চিংড়ির গুণগত মানসম্পন্ন রেণু পোনা (পোস্ট লার্ভা-পিএল) উৎপাদনের জন্য কক্সবাজারের উখিয়ার মোস্তফা শ্রিম্প প্রোডাক্টস এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানীকারক হিসেবে হিমায়িত চিংড়ি এবং শুটকি রপ্তানীর জন্য বাগেরহাটের ফকিরহাটের বাগেরহাট সী ফুড ইন্ডাস্ট্রিজ ও খুলনার রূপসার সেন্ট মার্টিন সী ফুড। স