২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তাদের সামরিক মানসিকতা বদলায়নি: আশরাফ

দীর্ঘ সময় দেশ সামরিক শাসনের মধ্য দিয়ে যাওয়ায় বেসামরিক কর্মকর্তাদের আচরণও সামরিক সরকারের মতো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দীর্ঘ সময় দেশ সামরিক শাসনের মধ্য দিয়ে যাওয়ায় বেসামরিক কর্মকর্তাদের আচরণও সামরিক সরকারের মতো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "তাদের মানসিকতার কোন পরিবর্তন হয়নি।" রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ একথা বলেন। বিকাল চারটার কিছু পরে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। স্থানীয় সরকারমন্ত্রী সংসদে বলেন, "অল্প কিছু সময় ছাড়া সামরিক শাসকরা ক্রমাগত দেশ শাসন করেছে। সেজন্য সিভিল ব্যুরোক্রেসির কায়দা-কানুন সামরিক সরকারের মতো। তাদের (সরকারি কর্মকর্তা) এই মেন্টালিটি চেইঞ্জ হয়নি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তারা তেমন অভ্যস্ত হয়নি। গণতন্ত্রের প্রাকটিস দীর্ঘদিন হলে কর্মকর্তাদের মাইন্ডসেট পরিবর্তন হবে।" সরকারি কর্মকর্তাদেরকে জনপ্রতিনিধিদের প্রতি অবজ্ঞাপূর্ণ আচরণের মানসিকতা পরিবর্তন করার আহবান জানান সৈয়দ আশরাফ। কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মুজিবুল হক চুন্নু সম্পূরক প্রশ্নে মন্ত্রীর কাছে জানতে চান, মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোয় প্রশাসক নিয়োগ করা হবে কিনা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, চলতি বছরের নভেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ পৌরসভা এবং ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের কারণ সম্পর্কে আশরাফ বলেন, "দেশকে বিরাজনীতিকরণের অংশ হিসাবে তত্ত্বাবধায়ক সরকার কিছু অধ্যাদেশ জারি করেছিলো। যাতে রাজনৈতিক দলের কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারে।" আশরাফ জনপ্রতিনিধিদের স্বার্থ রক্ষার বিষয়ে সরকারের চিন্তা-ভাবনার কথা তুলে ধরে বলেন, "কর্মকর্তাদের একটি কলমের খোঁচায় স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করা যায়। আমরা চাচ্ছি- দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত যেন জনপ্রতিনিধিদের বরখাস্ত করা না যায়।" আশরাফ আরো বলেন, "আমরা সংসদ থেকে জনপ্রতিনিধিদের মান-সম্মান নিশ্চিত করতে চাই। একজন নিু শ্রেণীর কর্মকর্তাকে সরাতে যে সময় লাগে, তার চেয়ে হাজার ভাগের এক ভাগ কম সময় লাগে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে বরখাস্ত করতে।" স্থানীয় সরকার মন্ত্রী সংসদে জানান, সরকারি কর্মকর্তাদের কলমের খোঁচায় যেন জনপ্রতিনিধিদের বরখাস্ত করা না যায় এবং কোনো সরকারি কর্মকর্তা যেন কোনো পৌরসভার প্রশাসক না হতে পারে- তা নিশ্চিত করা হবে। আশরাফ তার বক্তব্যের একেবারে শেষ দিকে বলেন, "আইনের ফাঁক-ফোকর রয়েছে- যেন জনপ্রতিনিধিরা পদে পদে পদলেহিত হয়। আমরা এই আইন পরিবর্তন করতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/১৯২৬ঘ.