ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কর্ণফুলী নদী দখল, মাটি ভরাট ও নদীতে সব ধরনের স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে নদীটির প্রকৃত সীমানা নির্ধারণ করে প্রতিবেদন দাখিল করার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।
রোববার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের (এইচআরপিবি) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দেয়।
রিটে বিবাদী করা হয়েছে, পরিকল্পনা কমিশন, পরিবেশ অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার সচিব, পানি সম্পদ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে।
আদালত বিবাদীদের প্রতি আগামী ৩ মাসের মধ্যে কর্ণফুলী নদী দখল, মাটি ভরাট ও নদীতে সব ধরনের স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
বাদী পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতকে জানান, চট্টগ্রামের কর্ণফুলী নদী দখল, মাটি ভরাট ও নদীর অভ্যন্তরে বিভিন্ন স্থাপনা নির্মাণ হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এভাবে দখল হতে থাকলে ওই নদীর অস্তিত্ব থাকবে না। এর ফলে চট্টগ্রাম বন্দরের ওপর প্রভাব পরবে এবং অর্থনৈতিকভাবে দেশ ক্ষতিগ্রস্থ হবে।
তিনি আদালতকে আরও জানান, আইনে বিধি নিষেধ থাকার পরও বিবাদীরা এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৪২৩ ঘ.
bdnews24