ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রি-রোলিং মিল মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সুপারিশসহ প্রতিবেদন তৈরি করার জন্য নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাণিজ্যিক) আব্দুল কুদ্দুছকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি আগামী এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন তৈরি করে নৌপরিবহণ মন্ত্রণালয়ে জমা দেবে।
কমিটির প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান।
বাংলাদেশ অটো রি-রোলিং এন্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে রোববার বৈঠক শেষে মন্ত্রী একথা বলেন। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ ও মহাসচিব আবুল কাশেম মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি মন্ত্রীর সঙ্গে দেখা করে।
কমিটির সদস্য হিসেবে থাকবেন- শিপিং লাইন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, কাস্টমস-এর প্রতিনিধি, ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, অফ-ডক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং রি-রোলিং মিল মালিকদের প্রতিনিধি।
এছাড়াও এফবিসিসিআই এবং বিভিন্ন চেম্বারের প্রতিনিধিসহ প্রয়োজনে অন্যদেরও এতে অন্তর্ভূক্তির সুযোগ থাকবে বলে তিনি জানান।
সভায় রি-রোলিং মিল মালিকদের জন্য চট্টগ্রাম বন্দরে সপ্তাহে চারদিন 'ফ্রি ডেলিভারি টাইম'-এর পরিবর্তে সাতদিন করা এবং বন্দরে পণ্য নামানোর পর পুনরায় পরিমাপের জন্য একটি স্বয়ংক্রিয় পরিমাপ যন্ত্র (কম্পিউটারাইজড স্কেল) স্থাপনের দাবি জানানো হয়।
এ প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে ফ্রি ডেলিভারি টাইমের বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
স্বয়ংক্রিয় পরিমাপ যন্ত্র (কম্পিউটারাইজড স্কেল) স্থাপনের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্দরকে শিগগিরই একটি চিঠি দেওয়া হবে। আর্থিক কোন জটিলতা না থাকলে স্বল্পতম সময়ের মধ্যে পরিমাপ যন্ত্র স্থাপনে বন্দরকে বলা হবে।
সভায় বাংলাদেশ অটো রি-রোলিং এন্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, এসব সমস্যার কারণে রি-রোলিং এবং স্টিল মিলস মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের সঙ্গে জড়িত প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) মো. আলাউদ্দিন ও যুগ্ম-সচিব (বাণিজ্যিক) আব্দুল কুদ্দুছসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৩৫৭ ঘ.
bdnews24