চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়লাভের একমাস পর রোববার শপথ নিতে যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং ৫৫ জন ওয়ার্ড কাউন্সিলর।
রোববার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এম. মনজুর আলমের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করাবেন।
দুপুর ১২টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন।
চট্টগ্রামের নতুন ওয়ার্ড কাউন্সিলররা শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত এম. মনজুর আলম আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন।
সিটি করপোরেশনের সচিব মো. কামরুজ্জামান গত শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়র শপথ নেবেন। দুপুর ১২ টায় রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৫৫ জন কাউন্সিলর শপথ নেবেন।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন।
মনজুর আলম শপথ গ্রহণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।
শুক্রবার মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শপথ গ্রহণ শেষে আমি দলীয় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ ও দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/০৮৫৯ ঘ.
bdnews24