২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আত্মগোপন করেও রেহাই পাবে না জামায়াত নেতারা'

জামায়াতে ইসলামীর নেতারা আত্মগোপন করলেও রেহাই পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 04:33 PM

Updated : 25 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতারা আত্মগোপন করলেও রেহাই পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, "অনেকে বলেন জামায়াতকে চাপাচাপি করলে তারা আত্মগোপনে চলে যাবে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। তাদের উদ্দেশে বলতে চাই- আত্মগোপনে চলে গেলেও জামায়াতকে ছাড়া হবে না।" প্রতিমন্ত্রী জামায়াত নেতাদের গ্রেপ্তারের ঘটনাকে মানবাধিকার লংঘন হিসেবে না দেখার আহ্বান জানান। তিনি বলেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে নিরপরাধ কাউকে ফাঁসানো হবে না। তবে প্রকৃত অপরাধীদের ছাড়া হবে না। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, কারাগারে আটক জামায়াত নেতাদের পাশাপাশি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আরো কয়েকজন শীর্ষস্থানীয় জামায়াত নেতাকে আটক করে ১৯৭১ সালে 'গণহত্যার' দায়ে তাদের বিচার করা হবে। যুদ্ধাপরাধের বিচারে বেশী সময় নেওয়া হচ্ছে না জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, আগামীকালই ১৯৭১ সালের নিপীড়িত মানুষ যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চায়। এটা তাদের মনের দাবি। কিন্তু গ্রহণযোগ্য বিচার মনের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। এ জন্য সময় প্রয়োজন। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ ফখরুদ্দিন-মইন-মাসুদকে 'গণতন্ত্র বিনাশী' আখ্যায়িত করে তাদের বিচার দাবি করেন। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু সুজীত নন্দী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে জঙ্গিবাদ ও জামায়াত চক্রের ৭০ ভাগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে। এখন বাকী ৩০ ভাগ ধ্বংসের জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, গোলাম মাওলা রনি এমপি, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আবু হাই, শিল্পী আব্দুল জব্বার। বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সম্মেলনে ব্যারিস্টার জাকির হোসেন সভাপতি পদে এবং মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন। ১০১ সদস্যের এই কমিটির বাকী সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। ২০০৬ সালের ২৩ জুন এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর এটিই তাদের প্রথম সম্মেলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২২৭ ঘ.