২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে 'ড্যাপ' বাস্তবায়নের দাবি

ঢাকা মহানগরীর উন্নয়নে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের দাবিতে যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিটিজেন রাইটস মুভমেন্ট এবং ইনিশিয়েটিভ ফর পীস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 04:05 PM

Updated : 25 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর উন্নয়নে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের দাবিতে যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিটিজেন রাইটস মুভমেন্ট এবং ইনিশিয়েটিভ ফর পীস। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে দুই সংগঠনের সদস্যরা সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন সিটিজেন রাইটস মুভমেন্ট এর কার্যকরী সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মফিজুল হক, মহাসচিব তুসার রেহমান, ইনিশিয়েটিভ ফর পীস এর নির্বাহী পরিচালক মুহাম্মদ শফিকুর রহমান এবং লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ। বক্তারা জনগণের স্বার্থ রক্ষায় অবিলম্বে ড্যাপ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্যাপ অনুমোদন করায় ভূমিদস্যুরা বেসামাল হয়ে পড়েছে। তারা এর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। তাই চিহ্নিত এই ভূমিদস্যুদের বিরুদ্ধে 'প্রতিরোধ ও নির্মূল' অভিযান শুরুর এখনই সময়। এছাড়া ড্যাপ বাস্তবায়নে সরকারের কাছে কয়েক দফা দাবি তুলে ধরেন তারা। এসব দাবির মধ্যে রয়েছে- ঢাকা মহানগরীর উন্নয়নে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন, ঢাকার চারপাশে দখলকৃত জলাভূমি থেকে ভূমিদস্যুদের উৎখাত, ঢাকাবাসীর কল্যাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পুনর্গঠন ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২১৫৮ ঘ.