২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ সনাক্তে প্রযুক্তির অভাব রয়েছে: আইজিপি

অপরাধ ও অপরাধী সনাক্তকরণে পুলিশে আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 12:13 PM

Updated : 25 Aug 2022, 02:03 PM

সিলেট, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপরাধ ও অপরাধী সনাক্তকরণে পুলিশে আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। তিনি বলেন, এ কারণে অনেক সময় অপরাধী সনাক্তকরণে বিলম্ব হয়। শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে আইজিপি এ কথা বলেন। তিনি বলেন, পর্যাপ্ত লোকবল ও গাড়ি সংকটের কারণে পুলিশ প্রত্যাশিত সেবা দিতে পারছে না। পাশের দেশ ভারতে যেখানে প্রতি সাতশ' জন মানুষের জন্য একজন পুলিশ রয়েছে, সেখানে বাংলাদেশে প্রতি ১৩ শ' জনের জন্য রয়েছে একজন পুলিশ। বর্তমানে ১ লাখ ২৫ হাজার পুলিশ কর্মরত রয়েছে জানিয়ে আইজিপি বলেন, লোকবল বাড়াতে ৩২ হাজার পুলিশ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ১৩ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মামলা তদন্তে প্রতিটি থানায় আলাদা আলাদা কর্মকর্তা নিয়োগ করা হবে। এতে জনগণের ভোগান্তি ও মামলার তদন্তে দীর্ঘসূত্রতা কমে যাবে বলে তিনি মনে করেন। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের ডিআইজি মোশাররফ হোসেন, মহানগর পুলিশ কমিশনার আফতাব উদ্দিন আহমদ, উপ-কমিশনার আহসান হাবিব পলাশ, রেজাউল করিম, সিলেটের পুলিশ সুপারিনটেনডেন্ট সাখাওয়াত হোসাইন প্রমুখ। এর আগে আইজিপি সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১১ ঘ.