ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস), স্বল্পমূল্যে চাল বিক্রি এবং বিশেষ ভিজিএফ বরাদ্দ দেওয়ার চিন্তা করছে।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, রমজান মাস শুরু হওয়ার আগেই এসব কর্মসূচি বাস্তবায়ন শুরু হতে পারে। শুধু বিশেষ ভিজিএফ এর আওতায়-ই আনা হতে পারে প্রায় এক কোটি মানুষকে।
শনিবার রাজধানীর কাকরাইলে স্কাউট ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
স্কাউট সদস্যদের 'দুর্যোগ মোকাবেলায় স্কাউটিং' সংক্রান্ত উদ্বুদ্ধকরণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন পর্যায়ের ৫০ জন স্কাউট সদস্য এবং ১০ জন স্কাউট কর্মকর্তা এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, সরকার বিশেষ সহায়তা দেওয়ার জন্য ঢাকা শহরের গরীবদের একটি তালিকা তৈরি করেছে। এদের জন্য ওএমএস বা স্বল্পমূল্যে চাল বিক্রির ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও দেশের এক কোটি মানুষের জন্য দেওয়া হবে বিশেষ ভিজিএফ। এতে রমজানের বাজারদর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তিনি জানান, রমজান মাসে যাতে কোনো মানুষকে না খেয়ে থাকতে হয় এবং বাজার দর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সেজন্য ঢাকা ছাড়াও দেশের হাওর অঞ্চল ও বন্যা দুর্গত এলাকায় এসব কর্মসূচি চলবে।
চালের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, "বাজারে চালের দাম কিছুটা বেড়েছে, তবে তা অস্বাভাবিক নয়। আন্তর্জাতিক বাজারে চালের দাম বেশি, বিশেষ করে ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডে।
"এছাড়া মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বেতন ও আয় বেড়েছে। ফলে বাজারে চালের দাম বেড়েছে।"
দেশে খাদ্য সঙ্কটের সম্ভাবনা নাকচ করে আব্দুর রাজ্জাক বলেন, পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। এছাড়া সরকার প্রায় পাঁচ লাখ টন গম এবং তিন লাখ টন চাল আমদানির প্রক্রিয়া শুরু করেছে। বর্তমানে পৌনে দুই লাখ টন গম ও ৫০ হাজার টন চাল আসছে।
মন্ত্রী স্কাউট সদস্যদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দিয়ে বলেন, "অতীতে আমরা যা করতে পারিনি, তা যেন স্কাউট সদস্যরা করতে পারে, সে রকম প্রশিক্ষণ দিতে হবে। যাতে তারা মানুষের কল্যাণে কাজে লাগে।"
এ সময় তিনি স্বাধীনতার স্বপ্ন পূরণে স্কাউটদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।
স্কাউট জরুরি সহায়তা বিষয়ক কমিটির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ ও জাতীয় কমিশনার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আবদুল ওয়াজেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১৩৪১ ঘ.
bdnews24