২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচার করতেই হবি'

আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার এবং ১৯৭২ সালের সংবিধান পূনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 02:13 PM

Updated : 25 Aug 2022, 01:59 PM

রাজশাহী, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার এবং ১৯৭২ সালের সংবিধান পূনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভা চলাকালে একজন রিক্সাচালক হাঁটুতে গুলির দাগ দেখিয়ে বলেন, "বিচার করতেই হবি।" 'মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট-পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী'র উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় রাজশাহী নগরীর তালাইমারী কাঁচাবাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। গেরিলা বাহিনীর আহ্বায়ক মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিটের আহ্বায়ক আব্দুল মান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক বুলবুল রানী, অ্যাডভোকেট অসীত সেন, প্রজন্ম '৭১ রাজশাহীর কমান্ডার ডাক্তার বাদল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নস্যাতের চেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান। কর্মসূচিতে ১৯৭১ সালের ১৩ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা, লুট, অগ্নিসংযোগের প্রত্যক্ষদর্শী ও মুক্তিযুদ্ধে আহতরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫৬ ঘ.