২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত জাফর সাজ্জাদের প্রতি ফুলেল শ্রদ্ধা

মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা প্রয়াত সৈয়দ জাফর সাজ্জাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাসদসহ বিভিন্ন দলের নেতা-কর্মী-সমর্থকরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা প্রয়াত সৈয়দ জাফর সাজ্জাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাসদসহ বিভিন্ন দলের নেতা-কর্মী-সমর্থকরা। বঙ্গবন্ধু এভিনিউ'র জাসদ কার্যালয়ের সামনে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পুলিশের একটি চৌকশ দল তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার এপিএস সাইফুজ্জামান শেখর ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে তার প্রেস সচিব মারুফ কামাল খান প্রয়াত জাফর সাজ্জাদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। শুক্রবার প্রথম প্রহরে মিরপুরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই রাত সোয়া ১২টার দিকে জাফর সাজ্জাদ মারা যান। তিনি ছিলেন জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা। মুত্যর আগ পর্যন্ত তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। শুক্রবার সকালে তার মরদেহ বঙ্গবন্ধু এভিনিউয়ে আনা হয় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বিএনপি মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ-জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রব, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম,সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পংকজ ভট্টাচার্যসহ ১৪ দলের নেতৃবৃন্দ প্রয়াতের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ জাফর সাজ্জাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে। জানাজা শেষে দাফনের জন্য তার মরদেহ গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীর পাকশিতে নিয়ে যাওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া। এদিকে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে জাসদ তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার থেকে ১৮ জুলাই পর্যন্ত দলীয় পতাকা অর্ধনমিত রেখে দলীয় শোক পালন করবেন নেতা-কর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮২৯ ঘ.