২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ মেজর গ্রেপ্তার

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক মেজর ও তার এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 11:59 AM

Updated : 25 Aug 2022, 02:00 PM

সিরাজগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক মেজর ও তার এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই মেজরকে বগুড়া সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কারাগারে পাঠানো হয় তার সঙ্গীকে। গ্রেপ্তারকৃতরা হলেন- মেজর রেজা শাহ মোহাম্মদ জিল্লুল্লাহ (৪০) ও তার খালাতো ভাই আবু সাদাত মো. মিলন (৩২)। শুক্রবার রাত দেড়টার দিকে (বৃহস্পতিবার দিবাগত) বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৭৮০ বোতল ফেনসিডিলসহ তাদের দুজনকে আটক বলে জানিয়েছে পুলিশ। মেজর রেজার কাছে পাওয়া পরিচয়পত্র থেকে জানা গেছে, তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্রকৌশল শাখার একজন কর্মকর্তা। তিনি রাজধানীর আজিমপুরের বিশ্বচরণ দাস লেনের প্রয়াত সুলতান উদ্দীনের ছেলে। তার খালাতো ভাই মিলন রাজশাহীর বিনোদপুর এলাকার মো. হোসেন আলীর ছেলে। মিলন নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ঠিকাদার হিসেবে পরিচয় দিয়েছেন। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সাঈদী সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থেকে ঢাকাগামী একটি সাদা রঙের টয়োটা করোলায় (চট্রগ্রাম-মেট্রো-অ-১১৬) তল্লাশি চালিয়ে ফেনসিডিলগুলো আটক করাহয়। গাড়িটি মেজর রেজার। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মেজর রেজা সাংবাদিকদের বলেন, এর আগেও তিন পাঁচবার মাদক নিয়ে ঢাকায় পৌঁছে দিয়েছেন। প্রতিবারের জন্য তিনি নিজে ৩০ হাজার টাকা পান। তার সহকারী পায় ৫-১০ হাজার টাকা। তিনি আরো জানান, এবারের চালানটি রাজধানীর পান্থপথের হেলাল নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিলো। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক রিয়াজ আহমদে জানান, মেজর রেজা ও মিলনসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলায় হয়েছে। আসামিদের মধ্যে রাজশাহীর চারঘাট এলাকার দুজন এবং ঢাকার একজনও রয়েছেন। আসামিদের মধ্যে মেজরের উল্লেখ করা হেলাল আছেন কিনা সেটা নিশ্চিত করেননি তিনি। ওসি আরো জানান, কোনো ধরনের অপরাধে কোনো সেনা সদস্য গ্রেপ্তার হলে তাকে কাছের সেনানিবাসে হস্তান্তর করার নিয়ম রয়েছে। তিনি জানান, মেজর রেজাকে বগুড়া সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর এবং মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফেনসিডিলসহ সেনা কর্মকর্তা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শুক্রবার রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২১০৭ ঘ.