ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় তিন ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তা থেকে অবরোধ তুলে নিয়েছে পরিবহন শ্রমিকরা।
রাত সোয়া ১১টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
রাজধানী থেকে মেয়াদোত্তীর্ণ ট্রাক-ভ্যান তুলে দিতে বিশেষ অভিযানের প্রতিবাদে গাবতলী টার্মিনালে পরিবহন শ্রমিকরা কয়েকটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এহশান শাহ।
সাড়ে আটটা থেকে পরিবহন শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করে।
পুলিশ জানায়, ট্রাক মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা পর পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
তবে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে আগামীকাল বৈঠক হবে বলে জানান সহকারী পুলিশ কমিশনার মো. এহশান শাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24