ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ ও কুমিল্লার মুরাদ নগরে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর উপজেলার হাসাড়া বাজারের কাছে বাসচাপায় দুই শিশু মারা যায়। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহত তামান্না (৭) এবং সাদিয়া আক্তার আয়েশা (৮) হাসাড়া সাহাড়িয়া নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।
শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ঢাকা থেকে মাওয়াগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে তামান্না ও সাদিয়াকে চাপা দিয়ে চলে যায়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে দু'জনই মারা যায়।
এ খবর পেয়ে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে হাসাড়া বাজারের কাছে ঢাকা-মাওয়া মহাসড়ক আড়াইঘন্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।
পরে প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে গতি নিয়ন্ত্রক বসানো এবং ঘাতক বাসটিকে আটক ও এর চালকের শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার মুরাদনগর উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের ছালিয়াকান্দিতে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়।
আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুরাদনগর থানা পুলিশ জানায়, কুমিল্লা থেকে মুরাদনগরের রামচন্দ্রপুরগামী একটি বাসের সঙ্গে ছালিয়াকান্দিতে বিপরীতমুখী একটি লেগুনার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই লেগুনার যাত্রী মতি মিয়া (৫৫) ও ফুল মিয়া (৬৫) মারা যায়।
নিহতরা মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এলএন/কেএমএস/১৯২৫ ঘ.
bdnews24