ঢাকা, জুলাই ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে পরিবর্তন না করার বিধান রেখে বুধবার সংসদে নতুন পরিবেশ সংরক্ষণ আইন উত্থাপিত হয়েছে।
পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন-২০১০ নামের এই আইনে পাহাড়কাটা, জাহাজ ভাঙার কারণে সৃষ্ট দূষণ ও ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, আমদানি, মজুদের ক্ষেত্রেও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
সংশোধিত আইনের পরিবেশ বিপর্যয় সংক্রান্ত অপরাধে জন্য এক বছর থেকে দুই বছর পর্যন্ত সাজা ও অর্থদণ্ড রাখা হয়েছে।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সন্ধ্যায় আইন প্রণয়ন কার্যাবলীতে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সংসদে পাসের জন্য আইনটি উপস্থাপন করেন।
আইনের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, সময়ের চাহিদা, পরিবেশ বিপর্যয় রোধে এবং পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও বাস্তবসম্মত করতে বিদ্যমান আইনে সংশোধনী আনা হয়েছে।
সংশোধিত আইনে জলাধার ভরাটের ক্ষেত্রে বিধি-নিষেধ দিয়ে বলা হয়েছে, "আপাতত: বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেনো, জলাধার হিসাবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণী পরিবর্তন করা যাবে না।"
জাহাজ কাটা বা ভাঙার কারণে সৃষ্ট পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টির না হয় সেজন্য সংশোধিত আইনে বলা হয়েছে যে, এজন্য প্রত্যেক জাহাজ মালিক, আমদানিকারক ও জাহাজ কাটা বা ভাঙার কাজে ইয়ার্ড ব্যবহারকারী ওই পরিবেশ নিশ্চিত করতে বাধ্য থাকবে।
ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে পাহাড় কাটায় নিষেধ আরোপ করে ধারা সংযোজন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণ করা যাবে না বলে আইনে বলা হয়েছে।
এছাড়া বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক গ্যাস বিল (সংশোধন ) আইন-২০১০ পাসের জন্য উত্থাপন করেন। পরে আইনটি কন্ঠভোটে পাস করা হয়।
আইনের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, প্রাকৃতিক গ্যাসের সঞ্চালন, বিতরণ, সরবারহ ও মজুদকরণের ব্যবসা পরিচালনা ও উৎপাদিত গ্যাস বিক্রয় ও হিসাব-হিসাব বহির্ভূত গ্যাসের ওপর কার্যকর নিয়ন্ত্রণ আরোপ ও সময়মত গ্যাস বিক্রয়ের বিল আদায় নিশ্চিতকরনে আইনে বিভিন্ন সংশোধনী আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২০৩৯ ঘ.
bdnews24