২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গ্যাস সংকট: তিতাস কার্যালয় ঘেরাও

গ্যাস সংকট নিরসনের দাবিতে বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 01:21 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

নারায়ণগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সংকট নিরসনের দাবিতে বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করেছে এলাকাবাসী। মাসদাইর, ইসদাইর, গাবতলীসহ আশপাশের এলাকার কয়েক শ' লোক এতে অংশ নেয়। পরে তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত এক বছর যাবত তারা গ্যাস পাচ্ছেন না। অথচ নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। এ ব্যাপারে তিতাস গ্যাস কার্যালয়ে কয়েক দফা স্মারকলিপি দিয়েও কাজ হয়নি। আগামী সাত দিনের মধ্যে গ্যাস সমস্যার সমাধান করা না হলে কঠোর আন্দোলনসহ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অচল করে দেওয়ার হুমকি দেন তারা। এ সময় এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন মিছির আলী, আলী আকবর, আইয়ুবুর আলী, আবুল কাশেম, মাসুদ চৌধুরী প্রমুখ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের ইসদাইর, উত্তর গাবতলী, টাগারপাড়, সস্তাপুর, কোতালেরবাগ, লালপুর, মাসদাইর, উত্তর মাসদাইর, কাশিপুর, বাড়ৈভোগ, ভোলাইলসহ আশপাশ এলাকায় ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকে না। সিলিন্ডার গ্যাস, কেরোসিনের স্টোভ ও কাঠ দিয়ে রান্না কাজ করতে হয়। শহরের মাসদাইর গাবতলী এলাকার বাসিন্দা সাংবাদিক রফিকুল ইসলাম জীবন বলেন, "গত এক বছর যাবত আমরা গ্যাস পাচ্ছি না। গ্যাসের দাবিতে বার বার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। বরং দিন দিন গ্যাস সংকট প্রকট হচ্ছে।" তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের জেনারেল ম্যানেজার মজিবুল হক জানান, গ্যাস সংকট সমাধানের জন্য নতুন পাইপ লাইন স্থাপনের জন্য কাজ চলছে। এ কাজ শেষ হলে গ্যাস সংকট নিরসন হবে বলে তিনি জানান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, এলাকাবাসী তিতাস গ্যাস অফিস ঘেরাও করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্যাস সমস্যা নিরসনের দাবিতে এলাকাবাসী এর আগে কয়েকদফা ঢাকা-মুন্সিগঞ্জ, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৩ঘ.