ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে হিন্দুদের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয় এবং একাদশী তিথিতে হয় ফিরতি বা উল্টো রথ।
প্রথম দিন যেখান থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয় আটদিন পর আবার সেখানেই ফিরিয়ে আনাকে বলা হয় উল্টো রথ।
দেশের সবচেয়ে বড় রথযাত্রা উৎসব হয় ঢাকার ধামরাই উপজেলায়। এখানে মাসব্যাপী মেলাও হয়। এজন্য এখানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, বিকালে মঙ্গল প্রদীপ ও প্রতীকি রশি টেনে ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এরপর বিকাল সাড়ে ৫টায় মন্দিরের পুরোহিত চপলেশ গাঙ্গুলি ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রথে আরোহণ করলে শত শত ভক্ত রশি টেনে কায়েতপাড়ার নিজ বাড়ি থেকে শ্রী শ্রী যশোমাধবকে একই এলাকায় যাত্রাবাড়ীর শ্বশুরালয়ে নিয়ে যান। এ সময় হাজার হাজার ভক্ত রথ লক্ষ্য করে চিনি, কলা, বাতাসা ছিটিয়ে দেন।
আগামী ২১ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান শেষ হবে। তবে মেলা চলবে একমাস।
উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ১৯৭১ সালে পাকবাহিনী রথটি পুড়িয়ে দেয়। ভারত সরকারের আথিক সহায়তায় এটি নতুন রূপে আবার নির্মাণ করা হয়।
তিনি এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।
রথ পরিচালনা কমিটির পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন ছিল। এছাড়ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারি করেছেন।
চট্টগ্রাম অফিস জানায়, বিকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা রথযাত্রা বের করে। এতে বিপুল সংখ্যক বিভিন্ন বয়সী হিন্দু নর-নারী অংশগ্রহণ করে।
চট্টগ্রামে সবচেয়ে বড় রথযাত্রার মিছিলটি বের হয় নগরীর প্রবর্তক সংঘ সংলগ্ন কৃষ্ণ মন্দির থেকে। আন্তর্জাতিক কৃঞ্চ ভাবনামৃত সংঘ'র (ইসকন) উদ্যোগে রথযাত্রাটি নগরীর কাজীর দেউড়ি, আন্দরকিল্লা, নিউমার্কেট হয়ে ডিসি হিলে গিয়ে শেষ হয়।
এর আগে রথযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম মনজুর আলম।
নগরীর তুলসীধাম, গোল পাহাড় শ্মশান কালী বাড়ি, পাথরঘাটা এলাকা থেকে পৃথক রথযাত্রা বের করা হয়।
খুলনা প্রতিনিধি জানান, বেলা ১২টায় নগরীর আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে রথযাত্রার উদ্বোধন করেন খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
মহানগর পূজা উদযাপন পরিষদ এ উৎসবের আয়োজন করে।
উদ্বোধন শেষে দীর্ঘ একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেম কাননে গিয়ে শেষ হয়।
মহানগর পূজা পরিষদের সভাপতি গোপী কিষাণ মুন্ধড়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, ননী গোপাল মণ্ডল, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শ্যামল হালদার, ইসকন খুলনার প্রধান উপদেষ্টা তপচৈতন্য দাস ব্রহ্মচারী প্রমুখ।
এছাড়া টুটপাড়া গাছতলা মন্দিরে খুলনা জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।
এরপর একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রাজশাহী প্রতিনিধি, বিকালে নগরীর ঘোড়ামারা রথবাড়ি থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রথযাত্রায় নেতৃত্ব দেন। এ সময় হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের মানুষ ঢাক-ঢৈাল বাজিয়ে আনএন্দ মেতে ওঠেন। রথটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
রথযাত্রা উপলক্ষে নগরীর উৎসব সিনেমা হলের মোড়ে মেলা শুরু হয়েছে। আগামী ২১ জুলাই উল্টো রথ পর্যন্ত এই মেলা চলবে।
বাগেরহাট প্রতিনিধি, জেলা শহরের যাত্রাপুরের লাউপালার ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউয়ের মন্দিরে দুপুরে রথযাত্রা ও মাসব্যাপী মেলা শুরু হয়েছে।
রথযাত্রার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোকুল কৃষ্ণ ঘোষ।
শ্রী শ্রী গোপাল জিউয়ের মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি অমিত রায় জানান, দুইশ' বছরের বেশি সময় ধরে এই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।
রথ টানায় দশ হাজারেরও বেশি পূণ্যার্থী অংশ নেন। আগামী ২১ জুলাই উল্টো রথ অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/২২০৩ ঘ.
bdnews24