ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে'র নাম সংক্ষেপ করে 'বিমান ও পর্যটন মন্ত্রণালয়' করার প্রস্তাব নাকচ করে দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির এক সভায় এ প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়।
তবে কমিটি বাংলাদেশ বেতারের গ্রন্থাগারিকের পদকে প্রথম শ্রেণীতে উন্নীত করে এর নিয়োগবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে।
কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এতে উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নাম সংক্ষেপ ও পরিবর্তন করে বিমান ও পর্যটন মন্ত্রণালয় করার জন্য একটি প্রস্তাব মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভায় তোলা হয়েছিল।
কিন্তু কমিটির সদস্যরা নাম পরিবর্তনের কোন কারণ নেই বলে মন্তব্য করে তা নাকচ করে দিয়েছেন। ফলে এ মন্ত্রণালয়ের নাম আগের মতোই 'বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়' থাকবে, তিনি জানান।
সভায় উপস্থিত একজন সচিব জানান, সভায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) গঠন, পদ সৃষ্টি, যানবাহন ও সরঞ্জাম কিনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রস্তাব, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম জোরদার করতে একটি প্রকল্পের অধীনে কিছু অস্থায়ী পদ সৃষ্টি, বিএসটিআইকে আরো শক্তিশালী করতে ১৫টি নতুন পদ তৈরির প্রস্তাব নাকচ করে দেওয়া হয়।
এসব প্রস্তাব পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে সময়োপযোগী এবং নির্ভূুল করে উপস্থাপনের জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও সভায় সরকারের বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ণ বিভাগের (আইএমইডি) কার্যক্রমকে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে বিভাগ ও জেলা পর্যায়ে কার্যালয় স্থাপনের প্রস্তাবও নাকচ করা হয়।
এ প্রস্তাবটিও পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয় বলে জানান শফিক আলম মেহেদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/২০৪০ঘ.
bdnews24