মৌলভীবাজার, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিস্তিতে সিএনজি চালিত অটোরিকশা দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মৌলভীবাজারের স্থানীয় একটি বেসরকারি সংস্থার (এনজিও) চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশ্রয় ডেভেলপম্যান্ট লিমিটেড নামের এনজিওটির কমলগঞ্জ কার্যালয় সিলগালা ও কাগজপত্র জব্দ করা হয়েছে। সংস্থার শ্রীমঙ্গল কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার রাতে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এর চেয়ারম্যান রুহুল আমীন, কর্মী দুলাল শাহানুল ও অটল বিহারী ভট্টাচার্যকে এবং কমলগঞ্জের শমশেরনগর বাজার শাখা কার্যালয় থেকে ভাইস চেয়ারম্যান আব্দুল মালিক ও কোষাধ্যক্ষ আশরাফ আলীকে গ্রেপ্তার করা হয়।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের হামিদুর রহমানসহ পাঁচ গ্রাহক সংস্থাটির চেয়ারম্যানসহ ১৫ জনকে আসামি করে রাতে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।
মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের হাজির করা হলে মৌলভীবাজার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বাদি হামিদুর রহমান, জুয়েল আহমদ, আব্দুল আহাদ, আব্দুল সুবহান ও রহিমা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কিস্তিতে অটোরিশা দেওয়ার কথা বলে প্রায় চার মাস আগে তাদের কাছ থেকে এক লাখেরও বেশি করে টাকা নিয়েছে সংস্থাটি।
কিন্তু তাদের অটোরিকশা দেওয়া হয়নি। এ ব্যাপারে জানার চেষ্টা করলে এর চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা নানা টালবাহানা করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের সেপ্টেম্বরে মৌলভীবাজার জেলা সদরে আশ্রয় ডেভেলপম্যান্ট লিমিটেড নামে এনজিওটির কার্যক্রম শুরু করে। গত বছর কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চৌমুহনায় একটি ভবনের দোতলায় শাখা কার্যালয় খুলে মাঠকর্মী নিয়োগ এবং গ্রাহক সংগ্রহ শুরু করে সংস্থাটি।
প্রাথমিকভাবে গ্রাহকদের কাছ থেকে ৭০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা করে নেওয়া হয়। এর মধ্যে হাতে গোনা কয়েকজনকে অটোরিকশা দিলেও কোনো কাগজপত্র দেওয়া হয়নি।
আতিকুর রহমান নামে কমলগঞ্জের আরেক গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী শমশেরনগর বাজারে আশ্রয় ডেভেলপমেন্ট লিমিটেডের কার্যালয়ে খোঁজ নিতে যান।
এ সময় সংস্থাটির ভাইস চেয়ারম্যান আব্দুল মালিক ও কোষাধ্যক্ষ আশরাফ আলী তাদের সংস্থার কার্যক্রমের কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। জব্দ করা হয় কিছু কাগজপত্র।
ইউএনও প্রকাশ কান্তি সাংবাদিকদের বলেন, গ্রাহকদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি শমশেরনগরে সংস্থাটির কার্যালয়ে অভিযান চালান।
প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছেন দাবি করে তিনি বলেন, অভিযোগকারী গ্রাহক সংখ্যা শতাধিক হবে।
কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দীন বলেন, প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, রাতে কমলগঞ্জ থানায় মামলা নথিভুক্ত হওয়ার পর শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় সংস্থার প্রধান কার্যালয় থেকে চেয়ারম্যান রুহুল আমীন, কর্মী দুলাল শাহানুল ও অটল বিহারী ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়।
রাতেই তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে তিনি জানান।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, শ্রীমঙ্গল উপজেলা সদরের স্টেশন রোডের নিউ মাকের্টের দোতলায় অবস্থিত সংস্থাটির কার্যালয় মঙ্গলবার খোলা হয়নি।
এখানেও প্রতারণার শিকার বেশ কয়েকজন গ্রাহক থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।
এ ব্যাপারে বক্তব্য জানতে সংস্থার কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। এমনকি তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২০ ঘ.
bdnews24