২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার অপহৃত ৯৭ জেলেকে উদ্ধার করা যায়নি

অপহরণের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও বরগুনার ৯৭ জেলেকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 01:45 PM

বরগুনা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অপহরণের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও বরগুনার ৯৭ জেলেকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃতদের স্বজনরা পাথরঘাটা মৎস্যবন্দরে এসে জেলেদের ছাড়িয়ে আনার জন্য ট্রলার মালিক ও ব্যবসায়ীদের কাছে কাকুতি মিনতি করছেন। পাথরঘাটা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, অপহৃত জেলেদের নির্যাতন ও কান্নার শব্দ মোবাইলে তাদের পরিবারের সদস্যদের শুনিয়ে মুক্তিপণ দাবি করছে জলদস্যুরা। মুক্তিপণ না পেলে তাদেরকে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। যৌথ বাহিনীর গুলিতে গত শুক্রবার ২ জলদস্যু নিহত হওয়ায় জেলে পরিবারগুলোর আতঙ্ক আরো বেড়ে গেছে। গোলাম মোস্তফা বলেন, "জেলে প্রতি এক থেকে দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে জলদস্যুরা। টাকা জোগাড় করতে না পারায় জেলেদের মুক্ত করা যাচ্ছে না।" কোস্টগার্ড অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেনেন্ট মুশফিকুর রহমান বলেন, "জেলেদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।" গোলাম মোস্তফা চৌধুরী জানান, সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গঙ্গামতি নামক স্থানে পাথরঘাটার আলম মোল্লার মালিকানাধীন এফবি শাহজাহান, আলম মাঝির মালিকানাধীন এফবি সীমা, পাড়েরহাটের নির্মলের মালিকানাধীন এফবি স্বাধীন, পদ্মার শাহ আলমের মালিকানাধীন এফবি মেহেদী হাসান, আলতাফ হোসেনের মালিকানাধীন মায়ের দোয়া, সোহরাব হোসেনের মালিকানাধীন এফবি খাদিজা, রফিকুল ইসলামের মালিকানাধীন সিসিডিপি, এফবি মায়ের দোয়া-১, এফবি মায়ের দোয়া-২ এবং নারিকেলবাড়িয়া নামক স্থানে এফবি আলতাফ, এফবি সোহরাব, এফবি রাহিদুল, এফবি জাহাঙ্গীর, এফবি কবির, এফবি আকন এবং এফবি আনোয়ারসহ ১৯টি ট্রলারে ডাকাতি হয়েছে। জলদস্যুরা এ সময় নবী হোসেন, কাইউম, লোকমান হোসেন, দুলাল, আবুল বাশার, আলামিন, আলম মাঝি, গোলাম মোস্তফা, শাহআলম, জলিল, ফোরকান, জালাল, হালিম, বেলাল, আবু হানিফ, বাচ্চু, বারেক, বাদলসহ ২২ জনকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে রোববার গভীর রাতে বঙ্গোপসাগরের দুবলারচরের ভেদাখালী খালে নোঙ্গর করা ১৬টি জেলে ট্রলারে ডাকাতি হয়। সেখান থেকে দশ লাখ টাকার মাছসহ ৪৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। অপহৃতদের মধ্যে রয়েছেন-কালু মাঝি, মোকসেদ আলী, নারায়ণ চন্দ্র ও নুরুল ইসলাম। পাথরঘাটা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি আরো জানান, বুধবার ৬টি জেলে ট্রলারে ডাকাতি শেষে আরো ৩০ জেলেকে অপহরণ করা হয়েছে। তিন দফায় সবমিলিয়ে ৯৭ জেলেকে অপহরণ করা হয়েছে। এফবি লাবনী ট্রলারের মালিক বিনয় কুমার ও এফবি শুভযাত্রার মালিক সুখরঞ্জন বলেন, "মুক্তিপণের টাকা জোগাড় হয়নি বলে জেলেদের ছাড়িয়ে আনা সম্ভব হচ্ছে না।" বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি অভিযোগ করেন, রাজু, আব্বাস ও আকাশ বাহিনী একত্রিত হয়ে এলাকায় ডাকাতি শুরু করেছে। তিন বাহিনী একত্রিত হওয়ায় তাদের শক্তিও বেড়ে গেছে। নিরস্ত্র জেলেদের পক্ষে তাদের প্রতিহত করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, "জেলেদের নিরাপত্তা দিতে না পারলে তাদের পেশা ছেড়ে দেওয়া ছাড়া আর কোন উপায় নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/২১৫৯ঘ.