ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের কাছে বাণিজ্য মেলার জন্য স্থায়ীভাবে কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এই তথ্য জানান।
সাংসদ এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিমান বন্দরের কাছে কুড়িল নামক স্থানে স্থায়ী এই কমপ্লেক্স নির্মাণ করা হবে। চলতি বছরই এর জন্য স্থান নির্বাচনের কাজ শেষ হবে। আগামী ২-৩ বছরের মধ্যে এই কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ করা হবে।"
মন্ত্রী জানান, আর্ন্তজাতিক মানের বৃহৎ এই কমপ্লেক্সটি কেবল বাণিজ্য মেলার জন্যেই ব্যবহৃত হবে। চীন সরকারের ২১০ কোটি টাকা অনুদান ও বাংলাদেশ সরকারের ৬৫ কোটি টাকা অর্থায়নে 'বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টার' নামে কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
ফারুক খান আরও জানান, ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে পুরান বিমানবন্দরের রানওয়ের জায়গায় স্থায়ী বাণিজ্য মেলা কমপ্লেক্স নির্মানের জন্য চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছিলো। পরে জোট সরকার তা বাতিল করে দেয়।
সাংসদ আব্দুল হাইয়ের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সংসদকে জানান, ২০০৯-১০ অর্থ বছরের জুলাই-মে পর্যন্ত চিড়ি রপ্তানি করে ২ হাজার ১০৬ কোটি টাকা আয় হয়েছে।
মন্ত্রী আরও বলেন, "রমজানে যাতে দ্রব্যমূল্য না বাড়ে সেদিকে সরকারের নজরদারি থাকবে। রমজানের আগে আগামী আগস্ট মাসেই টিসিবির মাধ্যমে চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনী দ্রব্য ডিলারদের কাছে পৌঁছে যাবে।
সাংসদ অপু উকিলের এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, এশিয়ান প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট-এর আওতায় চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে চীন বাংলাদেশের ৪ হাজার ৭২১টি পণ্যের ওপর শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দিয়েছে। এতে চীনে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/২০৫৯ঘ.
bdnews24