ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে চার মামলায় পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ মাহমুদুরের জামিন আবেদনে এ আদেশ দেয়।
মামলা চারটিতে তাকে কেনো স্থায়ী জামিন দেওয়া হবে না আগামী দুই সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
উত্তরা ষড়যন্ত্রের ঘটনায় বিমান বন্দর থানায় তার বিরুদ্ধে ৭ জুন একটি মামলা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২ জুন রাজধানীর তেজগাঁও ও কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে আরো দুটি মামলা হয়।
এছাড়া গত ১৯ এপ্রিল উত্তরা থানায় আমার দেশের ছাপাখানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট ছাপার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়।
মাহমুদুরের পক্ষে মামলায় শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
এছাড়া হাইকোর্টের একই বেঞ্চ চাঁদাবাজির একটি মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনকে জামিন দিয়েছে।
গত ১৪ জুন কচুয়া থানায় স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মিলনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মিলনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম মুনীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭২৫ঘ.
bdnews24