কক্সবাজার, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র সৈকতে শৈবাল পয়েন্টের কাছে রোববার একটি মৃত ডলফিন ভেসে এসেছে।
জেলেদের জালে আটকা পড়ে ডলফিনটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জলিলুর রহমান সাংবাদিকদের জানান, ভেসে আসা ডলফিনটির দৈর্ঘ্য ৭ ফুট ৫ ইঞ্চি। ওজন ১৪০ কেজি।
তিনি বলেন, "মারা যাওয়ার আগে ডলফিনটি হয়তো কোনো জেলের জালে আটকা পড়েছিল। সেখান থেকে প্রাণ বাঁচানোর চেষ্টা করে বেরিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি।"
জলিলুর রহমান জানান, ডলফিনটির শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে। মুখ দিয়ে রক্ত পড়ার চিহ্নও দেখা গেছে।
জলিলুর রহমানের মতে, সাধারণত সাগরের নির্জন এলাকা ও স্বচ্ছ পানিতে যেখানে ঝাঁকে ঝাঁকে মাছের অবস্থান সেখানেই ডলফিনের দেখা মেলে। কক্সবাজার সমুদ্র উপকূলের ১০০ থেকে ১৫০ কিলোমিটার দূরে এসব ডলফিনের আবাসস্থল।
সমুদ্র পাড়ের ব্যবসায়ী আবদুল হাকিম জানান, সৈকতে রোববার সন্ধ্যায় পর্যটকরা মৃত ডলফিনটিকে ঘিরে ভিড় করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫৫৮ ঘ.
bdnews24